ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঘুষ নেওয়ার অভিযোগে বোয়ালমারীর ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে রোববার (২৬ জুলাই) থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস রাতে বিষয়টি নিশ্চিত করেন।অফিস আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।এর আগে রোববার বিকেলে দুই মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ইমরান শেখকে নিজের চেয়ারে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিয়ে গুনতে দেখা যায়।ভিডিওতে তাকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে নিজের চাকরির তুলনা করে মন্তব্য করতেও শোনা যায়। তিনি বলেন, দুজনই ৪০তম বিসিএসের হলেও সহকারী কমিশনার ক্যাডার এবং তিনি নন-ক্যাডার কর্মকর্তা হয়েছেন।তবে টাকা নেওয়ার ঘটনাকে ঘুষ বলে অস্বীকার করেন ইমরান শেখ। তার দাবি, সেটি ছিল ধার দেওয়া টাকা ফেরত নেওয়ার দৃশ্য। তিনি বলেন, অনেকেই তার কাছ থেকে টাকা ধার নিয়ে পরে ফেরত দেন। তবে টাকা ফেরত দেওয়া ব্যক্তির পরিচয় জানাতে রাজি হননি তিনি।বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান বলেন, এর আগেও কার্যালয়ে অনুপস্থিত থাকায় ইমরান শেখকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। টাকা নেওয়ার অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়।ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই জেলা প্রশাসন তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়। অভিযোগটির বিষয়ে পরবর্তী বিভাগীয় কার্যক্রম চলবে।

ঘুষ নেওয়ার অভিযোগে বোয়ালমারীর ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত