বোরহানউদ্দিনে দুই অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত ৬
ভোলার বোরহানউদ্দিনে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ছয়জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মুন্সিবাড়ির মৃত রেজু মুন্সীর ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দালাল বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বিপরীতমুখী দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে তীব্র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মোহাম্মদ আলী মারা যান। এ সময় দুই অটোরিকশায় থাকা শিশুসহ অন্তত ছয়জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা দুটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।