মৃত্যুকে ফাঁকি দিতে চান পুতিন! হাজারো বানরের শরীরে চলছে পরীক্ষা
বার্ধক্যকে জয় করে মানুষের স্বাভাবিক আয়ু অন্তত দেড়শ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব কি না—তা নিয়ে রাশিয়ায় শুরু হয়েছে ব্যাপক বৈজ্ঞানিক তৎপরতা। ৭৪ বছর বয়সী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘজীবী হওয়ার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে দেশটির শীর্ষ বিজ্ঞানীরা এখন হাজার হাজার বানরের রক্ত, মস্তিষ্ক, রক্তনালি ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করে দীর্ঘায়ুর জৈবিক রহস্য খুঁজছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ ও ‘দ্য সান’-সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে চাঞ্চল্যকর এই গবেষণার বিস্তারিত উঠে এসেছে।এই মেগা গবেষণা প্রকল্পের নেতৃত্বে রয়েছেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে পরিচিত ৮০ বছর বয়সী মিখাইল কোভালচুক। তাঁর পরিচালিত রাশিয়ার অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান ‘কুরচাতভ ইনস্টিটিউটে’ বর্তমানে ২২ প্রজাতির সাত হাজারেরও বেশি বানর রয়েছে। গবেষকদের বিশেষ নজর ১৮ থেকে ৩০ বছরের বেশি বয়সী দীর্ঘজীবী বানরদের একটি দলের ওপর।সম্প্রতি মস্কোয় অনুষ্ঠিত ‘কুরচাতভ জিনোম ফোরামে’ মিখাইল কোভালচুক জানান, এসব বানরের বার্ধক্যের বিভিন্ন পর্যায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের শরীরের জৈবরাসায়নিক উপাদান, রক্তনালির অবস্থা, মস্তিষ্কের স্ক্যানসহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কোভালচুকের মতে, মানুষের সঙ্গে সবচেয়ে বেশি শারীরবৃত্তীয় মিল থাকায় প্রাইমেট বা বানরদের ওপর এই গবেষণা মানুষের আয়ু বাড়ানোর বৈজ্ঞানিক ভিত্তি তৈরিতে সহায়ক হতে পারে।শুধু পরীক্ষাই নয়, দীর্ঘজীবী বানরদের রক্তের নমুনা সংরক্ষণে একটি বিশেষ ‘বায়োব্যাংক’ও গড়ে তুলেছেন রুশ গবেষকেরা। ‘পেত্রোভস্কি রুশ বৈজ্ঞানিক সার্জারি কেন্দ্রের’ সঙ্গে যৌথভাবে পরিচালিত এই প্রকল্প সম্পর্কে কেন্দ্রের পরিচালক কনস্তানতিন কোটেনকো জানান, এসব নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব।পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে এই গবেষণার যোগসূত্র নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সঙ্গে মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল পুতিনকে। সে সময় খোলা মাইক্রোফোনে ধরা পড়া কথোপকথনে অঙ্গ প্রতিস্থাপন ও বায়োটেকনোলজির অগ্রগতির মাধ্যমে মানুষের আয়ু বাড়ানো, এমনকি অমরত্ব অর্জনের সম্ভাবনার কথাও উঠে আসে। পরবর্তীতে মস্কোতে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক প্রদর্শনীতে পুতিন নিজেই মন্তব্য করেন, মানুষের পক্ষে ১৫০ বছর বেঁচে থাকা সম্ভব হতে পারে, তবে এটুকু আয়ুও যথেষ্ট নয়।মানুষকে দীর্ঘায়ু করার অভিযানে বানরের গবেষণাই রাশিয়ার একমাত্র উদ্যোগ নয়। জীবন্ত টিস্যু ও অঙ্গের থ্রিডি বায়োপ্রিন্টিং, জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্র শূকরের শরীরে মানব অঙ্গ তৈরির গবেষণা এবং কোষের বার্ধক্য প্রক্রিয়া ধীর করার জিন থেরাপি নিয়েও জোরেশোরে কাজ চলছে। ২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে দীর্ঘায়ু ও স্বাস্থ্য সংরক্ষণ প্রযুক্তির বিভিন্ন প্রকল্পে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনা নিয়েছে রুশ সরকার।এছাড়া এই মহাযজ্ঞে যুক্ত আছেন পুতিনের বড় মেয়ে মারিয়া ভরোন্তসোভাও। পেশায় এন্ডোক্রিনোলজিস্ট (অন্তঃক্ষরা রোগ বিশেষজ্ঞ) মারিয়া সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বার্ধক্য প্রতিরোধী ওষুধ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে বিজ্ঞানীদের মতে, বানরের শরীরে বার্ধক্যের রহস্য উদ্ঘাটিত হলেও মানুষ বাস্তবে ১৫০ বছর বাঁচতে পারবে কি না, তা এখনো নিশ্চিত নয়।