ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লায় দফায় দফায় সংঘর্ষ

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় অন্তত ১৫টি দোকান ও বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বেড়া পৌর এলাকার নাজিম বাজারে এ সংঘর্ষ চলে।স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়া বিবি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক দিন ধরে ওয়ার্ডভিত্তিক ফুটবল প্রতিযোগিতা চলছিল। রোববার ২ ও ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে পেনাল্টি শুটআউটের মাধ্যমে ফল নির্ধারণের উদ্যোগ নেওয়া হলে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।একপর্যায়ে ২ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া ও ৯ নম্বর ওয়ার্ডের বনগ্রাম মহল্লার বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে তা ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।এ সময় বেশ কয়েকটি দোকানে অগ্নিসংযোগ এবং অন্তত ১৫টি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আহতদের অনেকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা ঘটনাস্থলে যান। পরে বেড়া মডেল থানার পাশাপাশি সাঁথিয়া ও সুজানগর থানা, পাবনা পুলিশ লাইনস এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। তবে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।বেড়া থানার ওসি নয়ন কুমার সরকার বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ইউএনও রুনাল্ট চাকমা জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নতুন করে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লায় দফায় দফায় সংঘর্ষ