ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু, জরিপে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

আসন্ন পার্লামেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে প্রকাশিত নতুন জনমত জরিপে বড় ধরনের ধাক্কা খেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চেয়ে সাবেক সেনাপ্রধান ও বিরোধী রাজনীতিবিদ গাদি আইজেনকটকে বেশি যোগ্য বলে মনে করছেন অধিকাংশ ইসরায়েলি নাগরিক। একই সঙ্গে নির্বাচনে আইজেনকটের রাজনৈতিক দল ‘ইয়াশার’ সর্বোচ্চ আসন পেয়ে ইসরায়েলি আইনসভা নেসেটের বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার (১৯ অক্টোবর) ইসরায়েলের শীর্ষস্থানীয় সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল টুয়েলভ’ পরিচালিত এক জনমত জরিপের ফল প্রকাশ করা হয়। জরিপ অনুযায়ী, পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে গাদি আইজেনকটকে উপযুক্ত মনে করেন ৪৫ শতাংশ উত্তরদাতা। এর বিপরীতে নেতানিয়াহুর পক্ষে মত দিয়েছেন মাত্র ৩৩ শতাংশ মানুষ। পূর্বের জরিপের তুলনায় এই দুজনের জনপ্রিয়তার ব্যবধান ১০ শতাংশ পয়েন্ট থেকে বেড়ে এবার ১২ শতাংশ পয়েন্টে দাঁড়িয়েছে।পার্লামেন্টের আসন পূর্বাভাসের ক্ষেত্রেও বড় অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে আইজেনকটের দল ইয়াশার। জরিপ বলছে, নেসেটে ইয়াশার একাই পেতে পারে ২৪টি আসন। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি পেতে পারে ২১টি আসন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল ‘টুগেদার’ ১৪টি, ইয়ার গোলানের ‘ডেমোক্র্যাটস’ এবং আরব নেতৃত্বাধীন ‘জয়েন্ট লিস্ট’ ৯টি করে আসন পেতে পারে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু, কট্টর অর্থোডক্সদের দল শাস এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের দল জিউইশ পাওয়ার পেতে পারে ৮টি করে আসন।হিসাব অনুযায়ী, নেতানিয়াহুবিরোধী ইহুদি দলগুলো সম্মিলিতভাবে ৫৫টি এবং আরব দলগুলো ১৪টি আসন পেতে পারে; যার ফলে বিরোধী ব্লকের মোট আসন দাঁড়াতে পারে ৬৯টিতে। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন দক্ষিণপন্থি ও কট্টরপন্থী জোট পেতে পারে মাত্র ৫১টি আসন, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে অনেকটাই কম। এমনকি অপর এক প্রশ্নে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে তুলনায়ও পিছিয়ে পড়েছেন নেতানিয়াহু; বেনেটকে ৩৯ শতাংশ এবং নেতানিয়াহুকে ৩৪ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ত বলে রায় দিয়েছেন।এদিকে নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর পক্ষে সমর্থন ঘোষণা করলেও ইসরায়েলি ভোটারদের ওপর তার ইতিবাচক প্রভাব পড়েনি বললেই চলে। জরিপে অংশগ্রহণকারী ৬৪ শতাংশ মানুষ জানিয়েছেন, নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন তাঁদের ভোট দেওয়ার সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না। এছাড়া ১৭ শতাংশ মানুষ জানিয়েছেন, ট্রাম্পের সমর্থনের কারণে লিকুদ পার্টিকে ভোট দেওয়ার সম্ভাবনা বরং তাঁদের কমেছে; বিপরীতে মাত্র ১২ শতাংশ মানুষ মনে করেন এই সমর্থন নেতানিয়াহুকে এগিয়ে নেবে।সূত্র: আনাদোলু এজেন্সি 

নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু, জরিপে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট