ভারতে ‘বুলডোজার জাস্টিসের’ নামে দেদার ভাঙা হচ্ছে মুসলিমদের বাড়িঘর
ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের বাড়িঘর, দোকানপাট ও অন্যান্য স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। বিশেষ করে বিজেপিশাসিত রাজ্যগুলোতে এসব অভিযান ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।ভারতে এ ধরনের উচ্ছেদ অভিযান ‘বুলডোজার জাস্টিস’ নামে পরিচিতি পেয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, কোনো অপরাধে জড়িত থাকার সন্দেহ, সাম্প্রদায়িক উত্তেজনা কিংবা বিক্ষোভের ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে। অনেক ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়াও অনুসরণ করা হচ্ছে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের তদন্তে বলেছে, মুসলিমদের সম্পত্তি শাস্তিমূলকভাবে ধ্বংস করার ঘটনা কয়েকটি রাজ্যে এতটাই নিয়মিত হয়ে উঠেছে যে, একে কার্যত একটি অঘোষিত রাষ্ট্রীয় নীতি হিসেবে বিবেচনা করা যায়।সংস্থাটির মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেও বিচারিক প্রক্রিয়া ছাড়া তাঁর বাড়িঘর ভেঙে দেওয়া গ্রহণযোগ্য নয়। এতে শুধু অভিযুক্ত ব্যক্তি নন, তাঁর পরিবারের অন্য সদস্যরাও ক্ষতিগ্রস্ত হন।হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট ও আসামসহ বিভিন্ন রাজ্যে মুসলিমদের সম্পত্তি উচ্ছেদের ঘটনা তুলে ধরা হয়েছে।সংস্থাটির অভিযোগ, কিছু ক্ষেত্রে সাম্প্রদায়িক সংঘর্ষ বা রাজনৈতিক প্রতিবাদের পরপরই সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে। এসব অভিযানকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে দেখানো হলেও এর পেছনে শাস্তিমূলক উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন মানবাধিকারকর্মীরা।তবে ভারতীয় কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিনিধিদের দাবি, সরকারি জমি দখল, অনুমোদনহীন নির্মাণ এবং পৌর আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না।এই ব্যাখ্যার সঙ্গে দ্বিমত জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের অভিযোগ, অনেক ক্ষেত্রে উচ্ছেদের আগে পর্যাপ্ত লিখিত নোটিশ দেওয়া হয়নি। এমনকি সংশ্লিষ্ট ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থন কিংবা প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগও দেওয়া হয়নি।২০২৪ সালের নভেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট শাস্তিমূলকভাবে বাড়িঘর ভেঙে দেওয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রায় দেন। আদালত স্পষ্ট করেন, কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত হলেই তাঁর বাড়িঘর ভাঙার ক্ষমতা প্রশাসনের নেই।আদালতের নির্দেশনা অনুযায়ী, সাধারণ ক্ষেত্রে স্থাপনা ভাঙার আগে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে জবাব দেওয়ার জন্য অন্তত ১৫ দিন অথবা প্রযোজ্য স্থানীয় আইনে নির্ধারিত বেশি সময় দিতে হবে।পাশাপাশি শুনানির সুযোগ, উচ্ছেদের কারণসংবলিত আদেশ এবং সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার আইনি সুযোগ নিশ্চিত করতে হবে।তবে আদালতের নির্দেশনায় সরকারি রাস্তা, ফুটপাত, রেললাইনের পাশ কিংবা জলাশয়ের মতো জনপরিসরে অননুমোদিত স্থাপনা এবং আদালতের সরাসরি উচ্ছেদ আদেশের ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পরও ভারতের বিভিন্ন রাজ্যে বিতর্কিত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকার অভিযোগ উঠেছে।হিউম্যান রাইটস ওয়াচের ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৬ অনুযায়ী, গুজরাটে ‘অবৈধ বাংলাদেশি অভিবাসী’ থাকার অভিযোগ তুলে ১০ হাজারের বেশি স্থাপনা ভেঙেছে কর্তৃপক্ষ।অন্যদিকে আসামে ২০২৫ সালের জুলাই ও আগস্টে অন্তত সাতটি উচ্ছেদ অভিযানে পাঁচ হাজারের বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকাংশই বাংলাভাষী মুসলিম বলে জানিয়েছে সংস্থাটি। বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে এসব অভিযানের পাশাপাশি বাংলাদেশে লোকজনকে জোরপূর্বক পাঠিয়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে।হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে কয়েক শ বাংলাভাষী মুসলিম ও রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে পাঠিয়েছে। তাঁদের মধ্যে ভারতীয় নাগরিকও ছিলেন বলে সংস্থাটির অনুসন্ধানে উঠে এসেছে।সংস্থাটির অভিযোগ, কিছু ক্ষেত্রে ব্যক্তির নাগরিকত্ব যথাযথভাবে যাচাই না করেই সীমান্ত পার করে দেওয়া হয়েছে। এমনকি বৈধ ভারতীয় পরিচয়পত্র থাকার পরও আটক ও বিতাড়নের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ সরকারও এ ধরনের পুশ-ইন নিয়ে আপত্তি জানিয়েছে। ঢাকার অবস্থান হলো, নাগরিকত্ব যাচাই এবং যথাযথ প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে বাংলাদেশে পাঠানো গ্রহণযোগ্য নয়।এদিকে ২০২৬ সালের ২৩ নভেম্বর প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের নতুন এক গবেষণা প্রতিবেদনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সংখ্যালঘু অধিকার ও আইনের শাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।প্রতিবেদনে বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে মুসলিমদের বাড়িঘর ও সম্পত্তি ধ্বংসের ঘটনাকে শাস্তিমূলক উচ্ছেদের প্রাতিষ্ঠানিক চর্চার উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। মানবাধিকারকর্মীদের মতে, কোনো স্থাপনা অবৈধভাবে নির্মিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে সেই ক্ষমতা ব্যবহার করে বিচার ছাড়াই কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীকে শাস্তি দেওয়া সাংবিধানিক অধিকার ও আইনের শাসনের পরিপন্থী।ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়ন এবং উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।সূত্র: রয়টার্স।