ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেজর আখতার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

সাবেক সংসদ সদস্য, জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন এবং তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সব ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ব্যাংক হিসাব জব্দ থাকার কারণে প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিয়মিত বেতন পরিশোধ, নিজের রাষ্ট্রীয় পেনশনের অর্থ উত্তোলন এবং দৈনন্দিন পারিবারিক ব্যয় নির্বাহ করা নিয়ে চরম অনিশ্চয়তা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।লাইভ ভিডিও বক্তব্যে আখতারুজ্জামান রঞ্জন দাবি করেন, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করেছিল। জামিনে মুক্তির পর দীর্ঘ দিন ব্যাংকে যাওয়া হয়নি তাঁর। গত ৮ নভেম্বর জরুরি প্রয়োজনে ব্যাংকের চেকে টাকা উত্তোলন করতে গেলে তিনি জানতে পারেন হিসাবটি অবরুদ্ধ রয়েছে। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় সরাসরি যোগাযোগ করলে শাখা ব্যবস্থাপক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি চিঠি তাঁর হাতে তুলে দেন।তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে গত ৬ অক্টোবর সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে হিসাব জব্দের বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠির আইনি নির্দেশনা অনুযায়ী ৯ অক্টোবর থেকে তাঁর ব্যক্তিগত, পরিবারের অন্যান্য সদস্য এবং তাঁদের বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে পরিচালিত যাবতীয় ব্যাংক হিসাব পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে।ব্যাংক হিসাব আটকে দেওয়ায় তাৎক্ষণিক অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরে সাবেক এই সংসদ সদস্য ক্ষোভের সঙ্গে বলেন, “আমি এখন খাব কী, পরিবার নিয়ে চলব কী করে? সরকার এতটাই রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে যে আমাকে এখন ভাতে ও পানিতে মারার চেষ্টা করছে। আমার কোম্পানিতে প্রতিদিন কয়েকশ শ্রমিকের মজুরি ও বেতন দিতে হয়। এখন তাদের বেতন পরিশোধ করব কীভাবে? এমনকি আমার নিজের জীবনের শেষ সম্বল পেনশনের টাকা পর্যন্ত তুলতে পারছি না। তাহলে আমি চলব কোন উপায়ে? আমাকে কি এখন না খেয়ে ধুঁকে ধুঁকে মরতে হবে?”তিনি আরও দাবি করেন, তাঁর এবং তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় ট্যাক্স ও ভ্যাট রিটার্ন নিয়মিত ও হালনাগাদভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া রয়েছে। আইনসংগত সকল কর পরিশোধ থাকা সত্ত্বেও কোনো পূর্ব নোটিশ বা কারণ দর্শানো ছাড়া কেন এই চরম পদক্ষেপ নেওয়া হলো, তা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে ব্যাংক হিসাবগুলো সচলের দাবি জানান।

মেজর আখতার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ