অভিন্ন সুরে আজানের চর্চা গড়তে সংসদে প্রস্তাব
দেশের মসজিদগুলোতে অভিন্ন সুরে আজান দেওয়ার চর্চা গড়ে তুলতে মুয়াজ্জিন ও খতিবদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রস্তাব উঠেছে জাতীয় সংসদে। আজানের শিল্পসৌন্দর্য বজায় রাখা এবং সুরের সামঞ্জস্য তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন।মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী নোটিশ পাওয়ার পর বিষয়টি নিয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।সংসদ সদস্য বীথিকা বলেন, আজান একটি সুন্দর শিল্প। কিন্তু দেশে আজান দেওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক চর্চা কিংবা প্রশিক্ষণের ব্যবস্থা নেই। ফলে মুয়াজ্জিনরা নিজেদের মতো করে আজান দিয়ে থাকেন। এতে আজানের কাঙ্ক্ষিত শিল্পসৌন্দর্য যথাযথভাবে ফুটে উঠছে না বলে মন্তব্য করেন তিনি।এ পরিস্থিতিতে মুয়াজ্জিন ও খতিবদের জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা অথবা বিকল্প কোনো উদ্যোগের মাধ্যমে অভিন্ন সুরে আজান দেওয়ার চর্চা প্রতিষ্ঠার প্রস্তাব দেন এই সংসদ সদস্য।বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ মুসলিম-অধ্যুষিত দেশ এবং রাজধানী ঢাকাকে মসজিদের শহর বলা হয়। প্রতিদিন বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশের মসজিদ থেকে মানুষ আজানের ধ্বনি শুনতে পান।আজানের অর্থ ও তাৎপর্য তুলে ধরে বীথিকা বলেন, এর মাধ্যমে মানুষকে কল্যাণ ও মুক্তির পথে আহ্বান জানানো হয়। আজানের ধ্বনি মানুষের মধ্যে নামাজের প্রতি আগ্রহ ও আকর্ষণ সৃষ্টি করবে, এমনটাই প্রত্যাশিত।সংসদ সদস্যের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, এ বিষয়ে নোটিশ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।তবে অভিন্ন সুরে আজান দেওয়ার জন্য কোনো নীতিমালা তৈরি, প্রশিক্ষণ কর্মসূচি চালু কিংবা নির্দিষ্ট সময়সীমার বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।এদিকে একই প্রশ্নোত্তর পর্বে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংগৃহীত বিভিন্ন স্মৃতিচিহ্ন প্রদর্শনের বিষয়টিও উঠে আসে।সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন এক সম্পূরক প্রশ্নে অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ এবং গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত সব সামগ্রী এখনও জাদুঘরে প্রদর্শন করা হচ্ছে না।তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা স্মৃতিচিহ্নগুলোর মধ্যে রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগ রয়েছে। এসব সামগ্রীর একটি অংশ প্রদর্শিত না হওয়ায় সেগুলো যথাযথভাবে সংরক্ষিত আছে কি না, সে বিষয়ে জানতে চান তিনি।জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন হলেও এর কার্যক্রম এখনও চলমান। পর্যায়ক্রমে সংগৃহীত সব স্মৃতিচিহ্ন প্রদর্শনের ব্যবস্থা করা হবে।তিনি জানান, সরকার জুলাই গণ-অভ্যুত্থানকে দেশের অন্যতম ঐতিহাসিক গণ-অভ্যুত্থান হিসেবে বিবেচনা করে। তাই সংশ্লিষ্ট স্মৃতিচিহ্নগুলো যথাযথ গুরুত্ব দিয়ে সংরক্ষণ ও প্রদর্শনের বিষয়টি বিবেচনায় রয়েছে।এ সময় এখনও প্রদর্শনের বাইরে থাকা স্মৃতিচিহ্নগুলোর একটি লিখিত তালিকা দিতে সংসদ সদস্য সানজিদা ইয়াসমিনকে অনুরোধ করেন সংস্কৃতিমন্ত্রী।