বিশ্বজুড়ে উন্মাদনা, বাড়তি শোর ঘোষণা বিটিএসের
বিশ্বজুড়ে ভক্তদের অভূতপূর্ব সাড়ায় দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএসের ‘আরিরাং’ বিশ্ব সফরের পরিধি আরও বাড়ানো হয়েছে। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ফিলিপাইনের বুলাকানে দুটি অতিরিক্ত কনসার্ট যুক্ত হওয়ায় সফরটির মোট শোর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮টিতে।দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিটিএসের ভক্তদের জন্য পরিচালিত প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, জাকার্তায় আগামী ২৯ ডিসেম্বর আরও একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী বছরের ১৬ মার্চ ফিলিপাইনের বুলাকানে আরও একটি শো যোগ করা হয়েছে।এর আগে জাকার্তার গেলোরা বুং কার্নো প্রধান স্টেডিয়ামে ২৬ ও ২৭ ডিসেম্বর দুটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা ছিল। তবে টিকিটের ব্যাপক চাহিদার কারণে আয়োজকরা ২৯ ডিসেম্বর তৃতীয় দিনের শোর ঘোষণা দেন। একইভাবে ফিলিপাইন ক্রীড়া স্টেডিয়ামে ১৩ ও ১৪ মার্চ নির্ধারিত দুই শোর সঙ্গে পরে ১৬ মার্চের অতিরিক্ত কনসার্ট যুক্ত করা হয়।কোরিয়ার ঐতিহ্যবাহী লোকগান ‘আরিরাং’ থেকে বিশ্ব সফরের নাম নেওয়া হয়েছে। কোরীয় সংস্কৃতিতে এই গান গভীর আবেগ ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে কোরিয়ার মানুষ আনন্দ-উৎসব, শ্রম, প্রতিবাদ এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই গান গেয়ে আসছে।সম্প্রতি বিটিএস বুসান আসিয়াদ প্রধান স্টেডিয়ামে দুই দিনের ‘হোমকামিং’ কনসার্ট সম্পন্ন করেছে, যেখানে প্রায় এক লাখ ১০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর স্পেনের মাদ্রিদে শুরু হবে সফরের ইউরোপ পর্ব। পাঁচটি শহরে অনুষ্ঠিতব্য ১০টি শোর সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।বিটিএসের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মতে, ‘আরিরাং’ সফরটি কে-পপ ব্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় একক বিশ্বভ্রমণ। গত এপ্রিল মাসে শুরু হওয়া এই সফর কোরিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া ও অস্ট্রেলিয়াজুড়ে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে।সূত্র: দ্য কোরিয়া টাইমস।