ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ

ইরান যুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ২৮ শতাংশ কমেছে। সর্বশেষ সপ্তাহে মাত্র ৭৭টি জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে বলে জানিয়েছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলার।কেপলারের তথ্য অনুযায়ী, সর্বশেষ সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা পণ্যবাহী জাহাজের সংখ্যা ৪৫ থেকে কমে ৩৩টিতে নেমে এসেছে।প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গত ৪ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা ২৮টি জাহাজের মধ্যে ২১টিই ইরানের নির্ধারণ করে দেওয়া নৌপথ ব্যবহার করেছে। এসব জাহাজ হরমুজের প্রচলিত নৌপথ এড়িয়ে চলেছে।[BANGVIEWS-POST:5374]এ ছাড়া রোববার (৬ সেপ্টেম্বর) হরমুজ প্রণালি পাড়ি দেওয়া আটটি জাহাজের মধ্যে সাতটিই ইরানের নির্ধারিত নৌপথ ব্যবহার করেছে বলে জানিয়েছে কেপলার।কেপলারের মতে, হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল কমে যাওয়া এবং জাহাজগুলোর ইরানের নির্ধারিত নৌপথ ব্যবহারের প্রবণতা তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে চলমান যুদ্ধাবস্থার প্রভাব জাহাজ চলাচলে পড়ার বিষয়টি স্পষ্ট হচ্ছে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর বাণিজ্যেও এর প্রভাব পড়তে শুরু করেছে।তবে হরমুজ প্রণালিতে গত সপ্তাহের শেষ দিকে দেখা দেওয়া এই প্রবণতা স্থায়ী হবে কি না, সেটিই এখন দেখার বিষয় বলে জানিয়েছে কেপলার।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকেই হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চলছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ছে।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র বিজয়ী হলে তেলের দাম দ্রুত কমে যাবে। তার দাবি, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ৩ ডলারে নেমে আসতে পারে এবং পরে তা ২ ডলারের নিচেও যেতে পারে।[BANGVIEWS-POST:5373]অন্যদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে হরমুজ প্রণালির বাইরে একটি নতুন ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণা করবে ইরান। যুক্তরাষ্ট্র যেখান থেকে নৌ অবরোধ শুরু করেছে, সেখান থেকেই এই অঞ্চল শুরু হবে বলে জানিয়েছেন তিনি।এ ছাড়া হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ইরান যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ