আজ থেকে ১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু হচ্ছে বুধবার (২৫ নভেম্বর)। এর মধ্যে কৃষি গুচ্ছের আওতাধীন নয়টি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে। এবারের ভর্তি কার্যক্রমে জিপিএর শর্ত শিথিল করায় আগের তুলনায় বেশি শিক্ষার্থীর আবেদনের সুযোগ তৈরি হয়েছে।কৃষি গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। এর বাইরে লেনদেনের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে নির্ধারিত নিয়মে আবেদন ফি জমা দিতে পারবেন।আবেদনের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২, ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি এবং ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ করলে আবেদন করতে পারবেন।কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি ২০২৭, শনিবার। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।প্রশ্ন তৈরি করা হবে ২০২৬ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষার সিলেবাস অনুসারে। পরীক্ষায় ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বর থাকবে।প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।ভর্তি পরীক্ষার জন্য নয়টি বিশ্ববিদ্যালয়েই কেন্দ্র থাকবে। আবেদনের সময় শিক্ষার্থীদের এক থেকে নয় পর্যন্ত কেন্দ্রের পছন্দক্রম উল্লেখ করতে হবে। আসন খালি থাকা, পছন্দক্রম এবং আবেদন ফি জমা দেওয়ার সময়ের অগ্রাধিকারের ভিত্তিতে কেন্দ্র নির্ধারণ করা হবে।কৃষি গুচ্ছের মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ৬৬টি আসন রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি আসন রয়েছে।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি আসনে ভর্তি নেওয়া হবে।এ ছাড়া খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি আসন রয়েছে।অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও বুধবার দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হচ্ছে। আবেদন চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা, বাণিজ্য, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের জন্য পাঁচটি ইউনিটে পরীক্ষা নেওয়া হবে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের প্রতিটির আবেদন ফি ১ হাজার ২০০ টাকা। চারুকলাসংশ্লিষ্ট ‘ই’ ইউনিটের জন্য আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।৮ জানুয়ারি চারুকলা অনুষদের ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিটভেদে ন্যূনতম জিপিএর শর্ত আলাদা।বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত যোগ্যতা অনুযায়ী, ‘এ’ ইউনিটে দুই পরীক্ষার মোট জিপিএ কমপক্ষে ৭ এবং ‘সি’ ইউনিটে ৬ দশমিক ৫০ থাকতে হবে। ‘বি’ ও ‘ডি’ ইউনিটে মোট জিপিএ ৬ এবং ‘ই’ ইউনিটে ৫ দশমিক ৫০ প্রয়োজন। প্রতিটি পরীক্ষায় পৃথক ন্যূনতম জিপিএর শর্তও পূরণ করতে হবে।ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। বিস্তারিত যোগ্যতা, আবেদনপদ্ধতি এবং পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে পাওয়া যাবে।কৃষি গুচ্ছের আবেদন করা যাবে কৃষি গুচ্ছের ভর্তি ওয়েবসাইটে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদনসংক্রান্ত তথ্য পাওয়া যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে।