ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকার বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে বাংলাদেশ-ডেনমার্ক সহযোগিতা

ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। পানি সরবরাহের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পেও দেশটির সঙ্গে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানান তিনি।মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ডেনমার্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।বৈঠকের শুরুতে নতুন দায়িত্ব গ্রহণ করায় স্থানীয় সরকারমন্ত্রীকে অভিনন্দন জানান ডেনমার্কের রাষ্ট্রদূত। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির আশাবাদ ব্যক্ত করেন তিনি।ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশের পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে ডেনমার্ক কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও ডেনমার্কের বিনিয়োগের সুযোগ রয়েছে।বৈঠকে গুরুত্ব পায় সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপ। প্রকল্পটিতে ডেনমার্ক সরকারের পক্ষ থেকে মোট সাড়ে চার হাজার কোটি টাকা অর্থায়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে এক হাজার ৫০০ কোটি টাকা অনুদান এবং তিন হাজার কোটি টাকা স্বল্পসুদে ঋণ সহায়তা হিসেবে দেওয়ার কথা রয়েছে।বৈঠক শেষে সাংবাদিকদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের সহযোগিতা সরকারের জন্য বড় সাফল্য।প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরের ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদার চাপ অনেকাংশে মোকাবিলা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ডেনমার্কের অর্থায়নের কারণে প্রকল্প বাস্তবায়নে সরকারের ওপর আর্থিক চাপও তুলনামূলক কম থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকার বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে বাংলাদেশ-ডেনমার্ক সহযোগিতা