প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কাঁদলেন শহীদ বিপ্লবের বাবা-মা
প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো শুভেচ্ছা উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত বিপ্লব হাসানের বাবা মো. বাবুল মিয়া ও মা বিলকিস আক্তার। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।বৃহস্পতিবার (৩০ জুলাই) ময়মনসিংহের গৌরীপুরে শহীদ বিপ্লবের বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার তুলে দেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাসান আল আরিফ।উপহার গ্রহণের সময় ছেলের স্মৃতি মনে করে আবেগ ধরে রাখতে পারেননি বিপ্লবের বাবা-মা। তাদের কান্নায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।ছাত্রদল নেতা হাসান আল আরিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদলের ১৪৩ নেতাকর্মীর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। পরিবারগুলোর খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।তিনি বলেন, জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়। তাদের ত্যাগ ভবিষ্যতের আন্দোলন, সংগ্রাম ও রাজনৈতিক কর্মকাণ্ডে প্রেরণার উৎস হয়ে থাকবে।হাসান আল আরিফ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের আত্মত্যাগের ভিত্তিতেই বর্তমান বাংলাদেশ দাঁড়িয়ে আছে। তাদের পরিবারকে যথাযথ সম্মান দেওয়ার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।উপহার প্রদান অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফয়সাল ও বিপ্লব শিকদার, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে বিপ্লব হাসানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গৌরীপুর উপজেলা ছাত্রদল নেতা জিসান আকন্দ পবিত্র।