৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
জরুরি রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের ওপর ঝুঁকি তৈরি করা গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য সোমবার (২৮ সেপ্টেম্বর) নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রোববার পৃথক বিজ্ঞপ্তিতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এ তথ্য জানিয়েছে।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় গাছের ডালপালা কাটার কাজ চলছে। এ কারণে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা আট ঘণ্টা নাটোরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।এই সময়ে কালিকাপুরের আংশিক এলাকা, কালিরগুন, চরনটাবাড়িয়া, মহিষভাঙা মোল্লাপাড়া, নটাবাড়িয়া, জোয়ারী, কালিকাপুর কারিগরি কলেজপাড়া, খৌদ্দকাচুটিয়া, বৃহৎ কাচুটিয়া ও পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ থাকবে না।তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।অন্যদিকে, রাজশাহীতে নেসকোর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন ৩৩ কেভি কাটাখালী-বিমানবন্দর বিদ্যুৎ লাইনের সুরক্ষায় গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ কারণে ১১ কেভি বাইপাস ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।ঘোষিত সময়সূচি অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত মোট আড়াই ঘণ্টা ওমরপুর, কুচপাড়া, মাস্টারপাড়া ও নামোপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।এরপর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টা সার্ভে কলেজ থেকে খড়খড়ি পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও নেসকোর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ পরিচালনা করা হচ্ছে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য স্থানীয় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে উভয় সংস্থা।