ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

'গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগতে পারে আরও ১০ থেকে ১৫ দিন'

দেশে চলমান গ্যাস সংকট পুরোপুরি স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।সোমবার রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান, একটি ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস খালাসে সমস্যা হচ্ছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে এবং বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে।ক্ষতিগ্রস্ত ভাসমান সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট বা এফএসআরইউ মেরামতের কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, এটি সচল না হওয়া পর্যন্ত এলএনজি কার্গো স্বাভাবিকভাবে খালাস করা সম্ভব হবে না।কক্সবাজারের মহেশখালীতে আমদানি করা এলএনজি গ্যাসে রূপান্তরের জন্য দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর একটি পরিচালনা করে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি এবং অন্যটি সামিট। গত মঙ্গলবার এক্সিলারেটের পরিচালিত টার্মিনালে আগুন লাগার পর গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন দেখা দেয়।[BANGVIEWS-POST:2634]জ্বালানিমন্ত্রী বলেন, দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় বাংলাদেশকে এলএনজি, এলপিজিসহ বিভিন্ন জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের কারণে জ্বালানি আমদানিতে ব্যয়ও বাড়ছে।তিনি জানান, গত ছয় মাসে প্রায় ৩ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি করতে হয়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে।বিদ্যুৎ খাতের আর্থিক সংকটের বিষয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, আগের সরকারের সময় থেকে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রায় ৫৬ হাজার কোটি টাকার বিল বকেয়া রয়েছে। এসব দায় পরিশোধে সরকারকে নিয়মিত ভর্তুকি দিতে হচ্ছে।সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকার নতুন নবায়নযোগ্য জ্বালানি নীতি ঘোষণা করেছে। এর আওতায় আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী আরও জানান, আগামী আগস্টের মধ্যে এ-সংক্রান্ত দর-কষাকষি ও জমি বরাদ্দের প্রক্রিয়া শেষ করে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

'গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগতে পারে আরও ১০ থেকে ১৫ দিন'