রংপুর মিঠাপুকুরে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, আতঙ্কিত শিক্ষার্থীরা
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে অবস্থিত বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কক্ষে রাখা বেশ কয়েকটি প্লাস্টিকের বেঞ্চ পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে বিদ্যালয়ের ছাদে ওঠার সিঁড়ি সংলগ্ন তালাবদ্ধ স্টোর রুমে এই আগুনের সূত্রপাত হয়।স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা অনিক মাহমুদ জানান, সকালে তিনি বিদ্যালয়ের সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ভেতর থেকে শোরগোল শুনে স্কুলের ওপরের দিকে তাকিয়ে আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে স্থানীয় সবাই মিলে দৌড়ে বিদ্যালয়ে ঢুকে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদে নিচে নামিয়ে আনেন। পরে ওপরে উঠে দেখেন, ছাদে ওঠার সিঁড়ির দরজা সংলগ্ন তালাবদ্ধ স্টোর রুমে আগুন জ্বলছে। খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪৫ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন।পায়রাবন্দ এলাকার আরেক বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের চিলেকোঠার ওই তালাবদ্ধ রুমে কীভাবে আগুন লাগল, তা কেউ বুঝতে পারছেন না। আগুনে ওই কক্ষের ভেতরে থাকা সব বেঞ্চ পুড়ে ছাই হয়ে গেছে।এ বিষয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপ্যাক্টর মশিউর রহমান জানান, বিদ্যালয়ের স্টোর রুমে আগুন লেগে বেশ কিছু বেঞ্চ পুড়ে গেছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় অন্য কোনো শ্রেণিকক্ষে আগুন ছড়িয়ে পড়তে পারেনি এবং কোনো শিক্ষার্থী হতাহত হয়নি। তালাবদ্ধ কক্ষটিতে আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।