ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। প্রয়োজন হলে দ্রুত মোতায়েনের জন্য আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে। সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন গোপালগঞ্জে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।বাহিনীর তথ্য অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবি মোতায়েন রয়েছে। এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।এ ছাড়া গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন এবং কক্সবাজারে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে মোতায়েন করা সদস্যসংখ্যা ১০৯ প্লাটুন। এর বাইরে আরও চার প্লাটুন সদস্য জরুরি প্রয়োজনে মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছেন। বিজিবি জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল, সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এমন কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তর থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাহিনীর মনিটরিং সেলের মাধ্যমে বিভিন্ন এলাকায় মোতায়েন করা সদস্যদের কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও সদস্যরা কাজ করছেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা রয়েছে।সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা নিশ্চিত করাই এ মোতায়েনের প্রধান উদ্দেশ্য।যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত সদস্যদের। পরিস্থিতি অনুযায়ী জেলা প্রশাসন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবির নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে।

সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন