জেন-জি বিক্ষোভে উত্তাল আরেক দেশ
জীবনযাত্রার তীব্র ব্যয়বৃদ্ধি, শিক্ষা ও সামাজিক খাতে বাজেট বরাদ্দ হ্রাস এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক তরুণদের অন্তর্ভুক্তির পরিকল্পনার প্রতিবাদে এবার উত্তাল হয়ে উঠেছে জার্মানি। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাজধানী বার্লিনসহ দেশটির ৩০টিরও বেশি প্রধান শহরে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ তরুণ। ইউরোপের অন্যান্য দেশে চলমান যুববিক্ষোভের অংশ হিসেবেই জার্মানিতে এই আন্দোলনের সূচনা হলো।জার্মান আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে (DW) জানিয়েছে, রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটের পশ্চিম পাশের চত্বরে সমবেত হয়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। ‘জেন জেড রেগেল্ট’ (Gen Z Regelt) নামের একটি তরুণ রাজনৈতিক ও নাগরিক জোটের আহ্বানে এই কর্মসূচির আয়োজন করা হয়। দেশটির ফ্রাঙ্কফুর্ট, কোলন, মিউনিখ ও বার্লিন ছিল এ আন্দোলনের প্রধান কেন্দ্রবিন্দু।বার্লিন পুলিশের হিসাবমতে, রাজধানীতে প্রায় ৫ হাজার মানুষ সরাসরি বিক্ষোভে অংশ নেন। তবে আয়োজক জোটের দাবি, শুধু বার্লিনেই সমবেত হয়েছিলেন প্রায় ১০ হাজার মানুষ এবং দেশব্যাপী ৩৪টি শহরের কর্মসূচিতে লক্ষাধিক তরুণ অংশ নিয়েছেন।জার্মান সংবাদ সংস্থা ডিপিএ (DPA) সূত্রে জানা গেছে, আন্দোলনকারীদের উত্থাপিত ৬ দফা মূল দাবির মধ্যে অন্যতম ছিল জীবনযাত্রার লাগামহীন ব্যয় হ্রাস করা, শিক্ষাপ্রতিষ্ঠানের বাজেট ও শিক্ষক সংখ্যা বৃদ্ধি এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক ড্রাফটিং বা নিয়োগ ব্যবস্থা চালু না করা। শিক্ষার্থীদের অভিযোগ, চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সরকার অভ্যন্তরীণ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতের বাজেট কমিয়ে সামরিক খাতে বিলিয়ন বিলিয়ন ইউরো ব্যয় করছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য সংকটে সরকারের একপেশে সামরিক ও অর্থনৈতিক সহায়তার তীব্র সমালোচনা করেন অনেকে।ইউনিভার্সিটি অব কনস্টানৎসের গবেষক কিলিয়ান হ্যাম্পেল উল্লেখ করেছেন, তরুণ প্রজন্মের মধ্যে দীর্ঘদিন ধরে অবদমিত থাকা অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক অসন্তোষ এখন রাজপথে রূপ নিচ্ছে। ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও স্পেনের মতো দেশগুলোতে চলমান আন্দোলন জার্মান শিক্ষার্থীদেরও নিজেদের মৌলিক অধিকার আদায়ে রাস্তায় নামতে অনুপ্রাণিত করেছে। রাজধানী বার্লিনে দিনভর সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও পশ্চিমাঞ্চলীয় শহর কোলনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।