ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে ইলিয়াস ফকির নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন সংসদ সদস্য। দুর্ঘটনায় অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন।শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ফকির মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে এবং রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছিলেন।পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে আসা একের পর এক যানবাহন ধাক্কা খেতে থাকে। এতে ৪টি যাত্রীবাহী বাস, ২টি প্রাইভেটকার, ২টি ট্রাক এবং ২টি ইঞ্জিনচালিত ইজিবাইকসহ মোট ১০টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।দুর্ঘটনার সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকার উদ্দেশে ফিরছিলেন। মুকসুদপুরে প্রবেশের সময় বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাঁর গাড়িবহরের দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে সংসদ সদস্য সম্পূর্ণ সুস্থ ও অক্ষত আছেন।মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এছাড়া মারাত্মক আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়ার পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি