অভিযোগ উঠলেই সংবাদ প্রচার নয়, সত্যতা যাচাইয়ের আহ্বান বায়তুল মোকাররমের খতিবের
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ফকীহ মুহাম্মদ আব্দুল মালেক বলেছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলেই তা সংবাদমাধ্যমে প্রচার করা উচিত নয়। অভিযোগের সত্যতা ও প্রমাণ যাচাইয়ের পাশাপাশি তথ্যটি প্রকাশের ফলে সমাজ, জাতি ও উম্মাহর কল্যাণ হবে কি না, সেটিও বিবেচনায় নিতে হবে। যাচাই-বাছাই ছাড়া সংবাদ, ছবি ও ভিডিও প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্যের ব্যাপারেও মুমিনদের সতর্ক থাকতে হবে।শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন। বয়ানে ফরজে আইন পরিমাণ দ্বীনি জ্ঞান অর্জন, প্রতিবেশীর অধিকার আদায়, সংবাদ প্রচারে সতর্কতা, সাংবাদিকতার শরয়ি নীতিমালা এবং যাচাই ছাড়া তথ্য প্রচারের ধর্মীয় পরিণতি নিয়ে আলোচনা করেন খতিব।ফরজে আইন পরিমাণ দ্বীনি জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরে ফকীহ মুহাম্মদ আব্দুল মালেক বলেন, প্রত্যেক মুসলমানের জন্য প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান অর্জন করা অপরিহার্য। পরিবারের প্রতিটি সদস্যের কোরআন তিলাওয়াত, নামাজ, হালাল-হারাম, জায়েজ-নাজায়েজ এবং আল্লাহর ফরজ ও নিষিদ্ধ বিধান সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা দরকার। কোনো বিষয়ে না জানলে আশপাশের জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে তা শিখে নিতে হবে।প্রতিবেশীর অধিকার সম্পর্কে তিনি বলেন, প্রতিবেশী বলতে শুধু পাশের ফ্ল্যাট বা লাগোয়া বাড়িতে বসবাসকারী ব্যক্তিকে বোঝায় না। একই ভবনের অন্যান্য পরিবার, আশপাশের ভবন এবং আরও দূরের মানুষও প্রতিবেশীর অন্তর্ভুক্ত হতে পারেন। প্রতিবেশীদের পরিচয় জানা, যোগাযোগের নম্বর সংরক্ষণ করা এবং প্রয়োজনের সময় একে অপরের পাশে দাঁড়ানো উচিত। কেউ অসুস্থ হলে খোঁজ নেওয়া, বিপদে সহযোগিতা করা কিংবা অভাব-অনটনে পাশে দাঁড়ানো প্রতিবেশীর অধিকারের অংশ। অথচ আধুনিক জীবনযাত্রায় মানুষ ক্রমেই এসব দায়িত্বের বিষয়ে উদাসীন হয়ে পড়ছে।সংবাদ ও তথ্য প্রচারের ক্ষেত্রে পবিত্র কোরআনের সূরা হুজুরাতের ষষ্ঠ আয়াতের নির্দেশনার কথা উল্লেখ করে খতিব বলেন, কোনো ব্যক্তি বা সূত্র থেকে সংবাদ এলেই তা যাচাই ছাড়া বিশ্বাস করা যাবে না। প্রথমে সংবাদটির সত্যতা নিশ্চিত হতে হবে। যাচাই না করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখালে নিরপরাধ মানুষের ওপর জুলুম হওয়ার আশঙ্কা থাকে। পরে তথ্যটি মিথ্যা প্রমাণিত হলে অনুশোচনা করতে হয়।তিনি বলেন, আগে একটি সংবাদ ছড়িয়ে দিতে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে হতো। কিন্তু বর্তমানে মোবাইল ফোনের একটি ক্লিকেই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মুহূর্তের মধ্যে তথ্য ছড়িয়ে পড়ছে। অনেকে সত্যতা যাচাই না করেই বিভিন্ন গ্রুপে সংবাদ, ছবি ও ভিডিও শেয়ার করছেন। এমনকি এর কোনো কোনোটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। তাই কোনো সংবাদ শুনেই বিশ্বাস করা কিংবা তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ না করে আগে যাচাই করা প্রত্যেক মুমিনের দায়িত্ব।সাংবাদিকতার শরয়ি নীতিমালা প্রসঙ্গে ফকীহ মুহাম্মদ আব্দুল মালেক বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেই তা সংবাদমাধ্যমে প্রচার করা সমীচীন নয়। অভিযোগের সত্যতা ও যথাযথ প্রমাণ আছে কি না, তা আগে যাচাই করতে হবে। অভিযোগ প্রমাণিত না হলে তা সংবাদ হিসেবে প্রচার না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার পরামর্শ দেন তিনি।তিনি আরও বলেন, কোনো তথ্য সত্য হলেও সব তথ্য প্রকাশ করা উচিত নয়। সেটি প্রকাশের ফলে জাতি বা উম্মাহর কোনো কল্যাণ হবে কি না, কিংবা প্রকাশের কারণে আরও বড় ক্ষতি, বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কা আছে কি না, তা বিবেচনায় নিতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠলেও তা প্রচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। বিচার ও শাস্তির বিষয়টি সামনে এলে মানুষ অন্যায় কাজের পরিণতি সম্পর্কে সচেতন হতে পারে।সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকতা পেশার ক্ষেত্রেও শরিয়তের বিভিন্ন বিধিবিধান রয়েছে। কোরআন-সুন্নাহ ও ইসলামী ফিকহে এ বিষয়ে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো শেখা এবং পেশাগত জীবনে বাস্তবায়ন করা প্রয়োজন। সাংবাদিকেরা এসব নীতিমালা অনুসরণ করলে সমাজ সংশোধন, অন্যায় দূর করা এবং ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।যাচাই ছাড়া তথ্য প্রচারের ধর্মীয় পরিণতি সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করে খতিব বলেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে, তা-ই প্রচার করে বেড়ায়। বর্তমান সময়ে মোবাইল ফোনে পাওয়া তথ্য যাচাই না করেই শেয়ার করার বিষয়টিও এই সতর্কবাণীর অন্তর্ভুক্ত।তিনি বলেন, কেউ হয়তো দাবি করতে পারেন, তিনি নিজে মিথ্যা বলেননি, শুধু অন্যের পাঠানো তথ্য প্রচার করেছেন। কিন্তু তথ্যটি সত্য কি না, তা যাচাই না করে ছড়িয়ে দেওয়ার দায় এড়ানোর সুযোগ নেই। তাই কোনো সংবাদ প্রচারের আগে তার সত্যতা নিশ্চিত করার পাশাপাশি শরিয়তের নির্দেশনা অনুযায়ী সেটি প্রকাশ করা সমীচীন কি না, তাও বিবেচনা করতে হবে।বয়ানের শেষাংশে মুমিনের বহুমুখী সচেতনতার ওপর গুরুত্বারোপ করে ফকীহ মুহাম্মদ আব্দুল মালেক বলেন, সময় যত জটিল হচ্ছে, একজন মুমিনের সচেতনতার পরিধিও তত বাড়ানো প্রয়োজন। দ্বীনি জ্ঞান, প্রজ্ঞা ও সচেতনতা অর্জনের মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।