ঢাকা থেকে কোন রুটে কত ভাড়া, তালিকা প্রকাশ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দূরপাল্লার বাসের ভাড়া নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন ভাড়ার হিসাবে যাত্রাপথে ব্যবহৃত সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের প্রযোজ্য টোলও যুক্ত করা হয়েছে।পুনর্নির্ধারিত তালিকা অনুযায়ী, দূরপাল্লার বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ পয়সা।ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানো হয়েছে। এসব পরিবহনে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।বিআরটিএর নতুন তালিকায় ৫১ আসন ও ৪০ আসনের বাসের ভাড়া পৃথকভাবে হিসাব করা হয়েছে। কোনো রুটে সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে কিংবা ফ্লাইওভার ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট টোল মূল ভাড়ার সঙ্গে যুক্ত হবে।গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার ব্যবহারকারী বাসের ক্ষেত্রে ৫১ আসনের গাড়িতে যাত্রীপ্রতি ৭ টাকা এবং ৪০ আসনের গাড়িতে ৯ টাকা টোল ধরা হয়েছে।সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যের নতুন ভাড়াও নির্ধারণ করা হয়েছে। ১৭১ কিলোমিটার দূরের বরিশালে ৫১ আসনের বাসে ভাড়া ৪৯৩ টাকা এবং ৪০ আসনের বাসে ৬২৯ টাকা।পটুয়াখালীর ক্ষেত্রে ২১০ কিলোমিটার পথের ভাড়া যথাক্রমে ৬০৫ ও ৭৭২ টাকা। ২৫৩ কিলোমিটার দূরের বরগুনায় ৫১ আসনের বাসে ৭১৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।সায়েদাবাদ থেকে ২৫৭ কিলোমিটার দূরের সিলেটে যেতে ৫১ আসনের বাসে ৬২৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৯৬ টাকা ভাড়া দিতে হবে। কুয়াকাটার ২৮০ কিলোমিটার পথে নতুন ভাড়া যথাক্রমে ৭৮১ ও ৯৯৬ টাকা।
এ ছাড়া জকিগঞ্জগামী ৫১ আসনের বাসে যাত্রীপ্রতি ভাড়া ৮৪৮ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।