ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান চিফ হুইপের

কিশোরীদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে প্রজননস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।সোমবার (১৯ অক্টোবর) বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘প্রজননক্ষমতা ও কিশোরী স্বাস্থ্য সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিফ হুইপ।নূরুল ইসলাম মনি বলেন, কিশোরীদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রজননস্বাস্থ্য বিষয়ে যথাযথ জ্ঞান ও সচেতনতা থাকা জরুরি। পাশাপাশি তাদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ এবং শিক্ষাজীবন অব্যাহত রাখার পরিবেশ নিশ্চিত করতে হবে।তিনি বলেন, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পরিবার ও সমাজের মানুষকে সচেতন করে তুলতে হবে। এ ক্ষেত্রে শুধু সরকারি উদ্যোগ নয়, সমাজের সব পর্যায়ের মানুষের অংশগ্রহণ প্রয়োজন।নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং উপবৃত্তি প্রদানের বিষয়েও সরকার পদক্ষেপ নিয়েছে।নূরুল ইসলাম মনি বলেন, মেয়েরা যাতে শিক্ষা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়, সে জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।কর্মশালায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়েও কথা বলেন চিফ হুইপ। তিনি পাথরঘাটায় মাদক, চাঁদাবাজি, দখলদারত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ‘Strengthening Parliament’s Capacity in Integration of Population and Development Issues (SPCPD)’ প্রকল্প, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং পাথরঘাটা উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বিএন্ডআইটি অনুবিভাগের মহাপরিচালক আ ন ম খলিলুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং সংসদ সচিবালয়ের যুগ্মসচিব আল মামুন।এ ছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা কর্মশালায় অংশ নেন।

বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান চিফ হুইপের