সৌদি জাহাজ নিষিদ্ধ, হুতিদের নতুন হুঁশিয়ারি
সৌদি আরবকে সরাসরি হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী হুতি গোষ্ঠী। গোষ্ঠীটির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি জাহাজ ছাড়া লোহিত সাগরে অন্য সব জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে।একই সঙ্গে ইয়েমেনের ওপর সৌদি অবরোধ প্রত্যাহার না হলে সৌদি আরবের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।ইয়াহিয়া সারি বলেন, সৌদি জাহাজের ওপর হুতিদের নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে অন্যান্য বাণিজ্যিক জাহাজ লোহিত সাগরে চলাচল করতে পারবে। তিনি দাবি করেন, ইয়েমেনের ওপর অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান আরও বাড়ানো হবে।হুতিদের এই ঘোষণা এমন সময়ে এলো, যখন বাব আল-মান্দাব প্রণালির আশপাশে তাদের সামরিক তৎপরতা বাড়ছে। সাম্প্রতিক সময়ে পেরিম দ্বীপ ও উপকূলীয় শহর ধুবাবসহ কয়েকটি কৌশলগত অবস্থান হুতিরা নিয়ন্ত্রণে নিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা বাব আল-মান্দাব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই পথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবহন করা হয়।ফলে সৌদি জাহাজকে লক্ষ্য করে হুতিদের নিষেধাজ্ঞা এবং সামরিক অভিযান বাড়ানোর হুমকিতে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।হুতিদের বক্তব্য অনুযায়ী, ইয়েমেনের ওপর সৌদি অবরোধ প্রত্যাহার না হলে ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতি অব্যাহত থাকবে। পরিস্থিতি আরও খারাপ হলে সৌদি আরবের বিরুদ্ধে সামরিক পদক্ষেপও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।