ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাজার মনিটরিংয়ে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চান বাণিজ্য সচিব

বাজার মনিটরিং ব্যবস্থা আরও কার্যকর, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। তিনি বলেন, বাজার তদারকির সঙ্গে যুক্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং মাঠপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে হবে।রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বাজার মনিটরিং কাজে নিয়োজিত টিম লিডারদের দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।[BANGVIEWS-POST:1203]বাণিজ্য সচিব বলেন, বাজার তদারকির সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানই একই লক্ষ্য নিয়ে কাজ করছে। এখানে সক্ষমতার ঘাটতির চেয়ে বড় চ্যালেঞ্জ হলো কার্যকর সমন্বয়, সহযোগিতা এবং মাঠপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন।টিম লিডারদের উদ্দেশে তিনি বলেন, নেতৃত্ব হতে হবে দক্ষ, সময়োপযোগী ও ফলাফলনির্ভর। মাঠপর্যায়ে কোনো সমন্বয়হীনতা দেখা দিলে তা দ্রুত দূর করে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হবে।আতাউর রহমান খান বলেন, বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে বাণিজ্য মন্ত্রণালয় ও এর অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। পাশাপাশি সরকারের আরও কয়েকটি মন্ত্রণালয়, দফতর ও সংস্থা এ কার্যক্রমে যুক্ত রয়েছে। তাই বাজারে শৃঙ্খলা নিশ্চিত করা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত দায়িত্ব।তিনি আরও বলেন, মাঠপর্যায়ের ছোট ছোট সফল উদ্যোগ সামগ্রিক বাজার ব্যবস্থাপনাকে শক্তিশালী করে। তাই প্রতিটি কর্মকর্তার পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।দেশের বাজার মনিটরিং ব্যবস্থা আধুনিক করতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের পরিকল্পনার কথাও তুলে ধরেন সচিব। তিনি জানান, শিগগিরই একটি পাওয়ার অ্যাপ তৈরি, টিসিবির কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল চালু এবং বিদ্যমান বাজার মনিটরিং অ্যাপ আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে মাঠপর্যায়ে বাজার নজরদারি আরও জোরদার হবে।[BANGVIEWS-POST:1198]কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবির বিচিত্র বড়ুয়া। এ ছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক সেবাস্টিন রেমাসহ বাণিজ্য মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

বাজার মনিটরিংয়ে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চান বাণিজ্য সচিব