ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টিকটক ভিডিও বানাতে গিয়ে বাঘের আক্রমণে ১৯ বছরের তরুণের মৃত্যু!

পাকিস্তানে টিকটক ভিডিও ধারণের সময় বাঘের আক্রমণে তালহা নামে ১৯ বছর বয়সি এক তরুণ খামার কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা নোমান হাসান এবং ওই খামারের মালিক ফাইয়াজকে গ্রেফতার করেছে পুলিশ।ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ম্যানচেস্টার ইভিনিং নিউজ’-এর বরাতে শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের লাহোরের কাহনা এলাকার একটি ব্যক্তিমালিকানাধীন খামারে এই মর্মান্তিক ঘটনা ঘটে।প্রতিবেদনে বলা হয়েছে, টিকটক ভিডিও ধারণের জন্য কনটেন্ট নির্মাতা নোমান হাসানের অনুরোধে খামারটির প্রজননকেন্দ্রের খাঁচা থেকে বাঘটিকে বাইরে বের করা হয়েছিল। টিকটকারের উপস্থিতিতে বাঘটি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং খামারের কর্মী তালহার ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে গুরুতর আহত হন তালহা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই প্রকৃত সত্য আড়াল করার চেষ্টা করেছিলেন ইনফ্লুয়েন্সার নোমান হাসান। শুরুতে তিনি দাবি করেছিলেন, কুকুরের হামলায় তালহা আহত হয়েছেন। তবে পুলিশি তদন্তে বাঘের আক্রমণে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসে। এরপরই খামারের মালিক ফাইয়াজ ও নোমান হাসানকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় লাহোর পুলিশ এক বিবৃতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, “টিকটকের প্রতি আগ্রহ কোনো মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। শখ কিংবা বিনোদনের নামে কারও জীবন ঝুঁকির মুখে ফেলার সুযোগ নেই। ঘটনা আড়াল করার চেষ্টা এবং অবহেলার প্রতিটি দিক তদন্ত করে দেখা হবে।” পাশাপাশি খামারটিতে বন্যপ্রাণী বা বাঘ রাখার বৈধ অনুমতি ছিল কি না এবং নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।উল্লেখ্য, কনটেন্ট নির্মাতা নোমান হাসান এর আগেও বাঘ ও হিংস্র প্রাণীর সঙ্গে ঝুঁকিপূর্ণ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের জন্য পরিচিত ছিলেন। তাঁর ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে শিকল দিয়ে বেঁধে রাখা একটি বাঘকে চুমু দেওয়ার চেষ্টা করতে দেখা যায়। এছাড়া অন্য একটি ভিডিওতে একটি চিতাবাঘকে আদর করার সময় প্রাণীটি হঠাৎ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে আঁচড় দিয়েছিল।সূত্র: এনডিটিভি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বাঘের আক্রমণে ১৯ বছরের তরুণের মৃত্যু!