পটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা হাসনাইন হোসেন সোহেল (৪৮) আহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৫৫ নম্বর দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।আহত সোহেলের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা নজরুল খান ও তার সহযোগীরা তাকে মারধর করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে নজরুল খান দাবি করেছেন, তিনি হামলা করেননি, বরং পরিস্থিতি প্রতিরোধ করেছেন।[BANGVIEWS-POST:4983]স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উত্তর সাবুপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ।সভাপতি পদে শাজাহান খানের নাম একমাত্র প্রার্থী হিসেবে প্রস্তাব ও সমর্থন করা হলে তাকে সভাপতি ঘোষণা করা হয়। এ সময় সোহেল নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপত্তি জানান। পরে তার সঙ্গে নজরুল খানের তর্কবিতর্ক শুরু হয় এবং একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।সোহেলের দাবি, কমিটির সভায় ছয়জন সদস্য উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হয়। কিন্তু ওই দিন পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন। তাই নিয়ম অনুযায়ী কোরাম ছাড়াই সভাপতি নির্বাচন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।[BANGVIEWS-POST:4982]তবে প্রিজাইডিং কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ বলেন, একমাত্র প্রার্থী শাজাহান খানের নাম প্রস্তাব ও সমর্থন পাওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ইউএনওর নির্দেশনা অনুযায়ী উপস্থিত সদস্যদের নিয়ে প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে।অভিযোগের বিষয়ে নজরুল খান বলেন, “আমি হামলা করিনি, প্রতিরোধ করেছি।”বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, নির্বাচন সম্পর্কে পুলিশকে আগে জানানো হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।