‘রাজনীতি না থাকলে আমি ও ট্রাম্প ভালো বন্ধু হতে পারতাম’: বাইডেন
রাজনীতি বা রাজনৈতিক বৈরিতা দূরে সরিয়ে রাখলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ভালো বন্ধুত্ব হতে পারত—এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্পের সঙ্গে হওয়া কথোপকথন এবং বাইডেনের আসন্ন স্মৃতিকথা ‘প্রমিস মি, আমেরিকা’-তে উঠে আসা বিভিন্ন বিস্ফোরক ও চমকপ্রদ তথ্য নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।৪৭০ পৃষ্ঠার এই স্মৃতিকথায় ৮৩ বছর বয়সী সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে তাঁর মেয়াদকাল, নিজের বর্তমান স্বাস্থ্যগত লড়াই এবং নানা ভেতরের রাজনৈতিক জটিলতার কথা বিস্তারিতভাবে তুলে ধরেছেন।দুই রূপের ডোনাল্ড ট্রাম্প:
স্মৃতিকথার শুরুতে জো বাইডেন তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। বিশেষ করে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল অস্বীকার করার ঘটনায় ট্রাম্পকে দায়ী করে একে ‘যেকোনো প্রেসিডেন্টের দায়িত্বে অবহেলার অন্যতম নিকৃষ্ট উদাহরণ’ বলে উল্লেখ করেছেন তিনি।তবে এর পাশাপাশি ট্রাম্পের ভিন্ন একটি রূপও দেখেছেন বলে জানিয়েছেন বাইডেন। তিনি উল্লেখ করেন, ২০২১ সালের ২০ জানুয়ারি বাইডেন যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, তখন হোয়াইট হাউসে তাঁর জন্য একটি প্রশংসামূলক ও সৌহার্দ্যপূর্ণ চিঠি রেখে গিয়েছিলেন ট্রাম্প। এ ছাড়া ২০২৪ সালের নির্বাচনের পর ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে এক বৈঠক বাইডেনকে বেশ অবাক করে দেয়। বইয়ের বর্ণনামতে, সেই বৈঠকে ট্রাম্প তাঁকে বলেছিলেন, ‘শুনুন জো, যদি রাজনীতি না থাকত, আমি বিশ্বাস করি আমরা ভালো বন্ধু হতে পারতাম। রাজনীতি না থাকলে আমরা আমাদের পুরো সময় একসঙ্গে গলফ খেলে কাটিয়ে দিতাম।’ ট্রাম্পের এমন আন্তরিক আচরণে বাইডেন কিছুটা স্তম্ভিত হয়ে যান এবং তাঁর মনে হতে থাকে, কথাগুলো যেন কোনো পুরনো বন্ধুর মুখ থেকে শুনছেন।পুনর্নির্বাচনে দাঁড়ানো ও সরে যাওয়ার নেপথ্যে:
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে পুনরায় লড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে বাইডেন লিখেছেন, শুরুতে দলের কেউ এর প্রতিবাদ করেননি। বয়স নিয়ে ওঠা সমালোচনার জবাবে তিনি বলেন, ‘লোকেরা বলে আমি নিজের সঙ্গে প্রতারণা করছিলাম যে আমি এই বয়সে কাজটি করতে পারব। এর জবাবে আমার ভাষ্য হলো—আমি কেবল আমার দায়িত্ব পালন করছিলাম।’তবে ২০২৪ সালের জুনের শেষভাগে ট্রাম্পের সঙ্গে সেই বিপর্যয়কর টেলিভিশন বিতর্কের ব্যর্থতা অকপটে স্বীকার করেছেন বাইডেন। তিনি জানান, বিতর্কের সময় তিনি খেই হারিয়ে ফেলেছিলেন এবং ‘আমরা অবশেষে বিগ ফার্মাকে হারিয়েছি’ বলার বদলে ভুলবশত বলে ফেলেছিলেন ‘আমরা অবশেষে মেডিকেয়ারকে হারিয়েছি।’এই বিতর্কের পরপরই ডেমোক্রেটিক পার্টির ভেতরে চরম অসন্তোষ দেখা দেয়। বাইডেন জানান, প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ও ডেমোক্রেটিক নেতা ন্যান্সি পেলোসি এবং সিনেটের ডেমোক্রেটিক নেতা চাক শুমারের সঙ্গে তাঁর ব্যক্তিগত বৈঠক হয়, যেখানে তাঁরা তাঁকে প্রার্থিতা প্রত্যাহার করার অনুরোধ জানান। ন্যান্সি পেলোসি বাইডেনকে সতর্ক করেছিলেন যে, সব জনমত জরিপ তাঁর পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। শেষ পর্যন্ত প্রবল রাজনৈতিক চাপের মুখে পড়ে বাইডেন নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান এবং তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেন। অবশ্য পরবর্তী সময়ে একটি ইতালীয় রেস্তোরাঁয় দুপুরের খাবারের মাধ্যমে ন্যান্সি পেলোসির সঙ্গে তাঁর সেই তিক্ততার বরফ গলে যায় বলে বইয়ে উল্লেখ করেছেন তিনি।স্মৃতিকথায় বাইডেন ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আচরণে নিজের গভীর হতাশার কথাও প্রকাশ করেছেন। এ ছাড়া বর্তমানে চতুর্থ ধাপের প্রস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই করা সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে তাঁর প্রশাসনের লড়াই এবং আফগানিস্তান থেকে বিতর্কিত সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকেও যৌক্তিক বলে সমর্থন জানিয়েছেন।