ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ-ফ্রান্স রাজনৈতিক সহযোগিতা জোরদারে ঢাকায় তিন সিনেটর

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে রাজনৈতিক যোগাযোগ, সংসদীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের তিন সিনেটর।রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।ঢাকায় ফ্রান্স দূতাবাস জানিয়েছে, সিনেটর গিয়োম শেভরোলিয়ে, পিয়েরে-আলাঁ রোয়ারন ও অলিভিয়ে হেনো তিন দিনের সরকারি সফরে শনিবার রাতে ঢাকায় পৌঁছান। তারা ফ্রান্স-দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাংলাদেশ সিনেট ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য হিসেবে বাংলাদেশ সফর করছেন।বাংলাদেশে নতুন গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর ফ্রান্সের পক্ষ থেকে এটিই প্রথম রাজনৈতিক পর্যায়ের সফর। এ কারণে দুই দেশের সম্পর্কের দিক থেকে সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের রাজনৈতিক ও সংসদীয় যোগাযোগ আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন ইস্যু এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য নতুন ক্ষেত্র নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।সফরকালে ফরাসি সিনেটরদের বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। দুই দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনা নিয়েও তারা আলোচনা করবেন।তাদের সফরসূচিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় রয়েছে।এ ছাড়া ফ্রান্সের উন্নয়ন সহযোগিতার সঙ্গে যুক্ত কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন সিনেটররা। ঢাকার একটি জাদুঘর পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশে বসবাসরত ফরাসি নাগরিকদের সঙ্গেও তাদের মতবিনিময়ের কথা রয়েছে।ব্যবসা ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তারা।পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ক্রিশ্চিয়ান বেক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ফ্রান্স রাজনৈতিক সহযোগিতা জোরদারে ঢাকায় তিন সিনেটর