প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ৩৪তম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, এতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।তিনি জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে গঠনমূলক মতবিনিময় হয়।বৈঠকে দুই দেশের মধ্যকার সম্পর্ককে পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান সহকারী প্রেস সচিব।বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান উপস্থিত ছিলেন।অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বিভিন্ন কর্মসূচির মধ্যে দুই দেশের প্রধানমন্ত্রীর এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।