চাল-গম-চিনিসহ নিত্যপণ্য বাণিজ্যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সমঝোতা
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরকারি পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাসরি পণ্য আমদানি-রপ্তানির সুযোগ পাবে। চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য ও কৃষি উপকরণ এই সমঝোতার আওতায় রাখা হয়েছে।রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং পাকিস্তানের ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থা শক্তিশালী করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানির বিকল্প উৎস বাড়ানোর উদ্দেশ্যে সরকারি পর্যায়ে এই বাণিজ্যিক সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।সমঝোতা অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রয়োজন এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবে।সম্ভাব্য পণ্যের মধ্যে রয়েছে সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি এবং বিভিন্ন ধরনের ভোজ্যতেল। এসব তেলের মধ্যে ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অয়েল অন্তর্ভুক্ত রয়েছে।এ ছাড়া তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর এবং সারসহ বিভিন্ন কৃষিপণ্য ও কৃষি উপকরণও দুই দেশের সরকারি বাণিজ্যের আওতায় আসতে পারবে।সমঝোতা স্মারকটি স্বাক্ষরের দিন থেকে পাঁচ বছর কার্যকর থাকবে। মেয়াদ শেষে কোনো পক্ষ বাতিলের উদ্যোগ না নিলে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে।তবে বাংলাদেশ বা পাকিস্তান চাইলে কূটনৈতিক মাধ্যমে অন্তত তিন মাস আগে লিখিত নোটিশ দিয়ে সমঝোতা বাতিল করতে পারবে।এই সমঝোতার মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানির একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হলেও এখনই নির্দিষ্ট কোনো পণ্য কেনাবেচার চূড়ান্ত চুক্তি সম্পন্ন হচ্ছে না।সমঝোতার শর্ত অনুযায়ী, কোনো দেশ নির্দিষ্ট পণ্য সংগ্রহ করতে চাইলে তার মান, পরিমাণ, কারিগরি বৈশিষ্ট্য এবং সম্ভাব্য সরবরাহের সময় উল্লেখ করে অন্য পক্ষের কাছে লিখিত প্রস্তাব পাঠাতে হবে।পরে দুই প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে সংশ্লিষ্ট পণ্যের জন্য আলাদা বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হবে। প্রতিটি লেনদেনের মূল্য, পরিমাণ, গুণগত মান এবং সরবরাহের সময়সূচিও পৃথকভাবে নির্ধারণ করা হবে।অনুষ্ঠানে বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, নতুন সমঝোতার ফলে বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি এবং সুসংগঠিত সম্পর্ক গড়ে উঠবে।এর মাধ্যমে উভয় দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষিপণ্য আমদানি-রপ্তানিতে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।বাণিজ্যসচিব জানান, দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পণ্যের গুণগত মান, পরিমাণ, সরবরাহের সময়সূচি এবং আর্থিক বিষয় নিয়ে সরাসরি আলোচনা করতে পারবে। এর ফলে পণ্যভিত্তিক লেনদেনের শর্ত নির্ধারণের সুযোগ তৈরি হবে।সমঝোতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য টিসিবি ও টিসিপির মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি বাণিজ্যিক প্রস্তাব দ্রুত মূল্যায়ন এবং দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন।তাঁর মতে, এই উদ্যোগ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, সমঝোতা স্মারকটি দুই দেশের সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি প্রাতিষ্ঠানিক সম্পর্ক তৈরিতে সহায়তা করবে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি-রপ্তানি ও সরবরাহব্যবস্থা আরও সুসংগঠিত হওয়ার সুযোগ তৈরি হবে।তিনি জানান, পাকিস্তানে বাসমতি চাল, পেঁয়াজ, আলু ও মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যের উদ্বৃত্ত মজুত রয়েছে। বাংলাদেশের চাহিদা অনুযায়ী এসব পণ্য সরবরাহে পাকিস্তান প্রস্তুত রয়েছে।দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির কথাও তুলে ধরেন পাকিস্তানের হাইকমিশনার।তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বেড়েছে।ইমরান হায়দার জানান, বাংলাদেশ থেকে আমদানি করা হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর পাকিস্তান অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার করেছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে বছরে ১০ হাজার মেট্রিক টন চা আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত কোটা বহাল রাখা হয়েছে।গত অক্টোবরে বাংলাদেশ থেকে রপ্তানি করা আনারসের প্রথম চালান ঢাকার মাধ্যমে পাকিস্তানের করাচিতে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, সমঝোতা স্মারকটি শুধু আনুষ্ঠানিক দলিল কিংবা দুই দেশের সদিচ্ছার প্রকাশ হিসেবে সীমাবদ্ধ রাখা হবে না।তাঁর মতে, এই সহযোগিতাকে বাস্তব বাণিজ্যিক কার্যক্রমে রূপান্তর করাই হবে টিসিবি ও টিসিপির সম্মিলিত দায়িত্ব।টিসিবি চেয়ারম্যান জানান, পারস্পরিক লাভজনক বাণিজ্যের সুযোগ খুঁজে বের করা, পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করা এবং দুই প্রতিষ্ঠানের সহযোগিতা বাড়ানোর জন্য সমঝোতাটি একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ভিত্তি হিসেবে কাজ করবে।তিনি আরও বলেন, দুই দেশের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট পণ্য চিহ্নিত করা, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ, গুণগত মান নিশ্চিত করা এবং সময়মতো সরবরাহের লক্ষ্যে টিসিবি ও টিসিপি ঘনিষ্ঠভাবে কাজ করবে।এর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক আস্থা বাড়বে এবং বাস্তবভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের পথ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন টিসিবি চেয়ারম্যান।