ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জলবায়ুতে ক্ষতিগ্রস্ত নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলের নারীদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সহযোগিতা করতে চায় তুরস্ক। এ লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোগান।মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে এমিনে এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এমিনে এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সহধর্মিণী এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান।বৈঠকের বিস্তারিত তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশবান্ধব উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।মঙ্গলবার রাতে আন্তালিয়ার পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলের আর ফ্লোরের কনফারেন্স-১ কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। শামা ওবায়েদ বলেন, কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণের প্রথম দিনেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে।বৈঠকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীদের স্বাস্থ্যগত ঝুঁকি, জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং নারী ও শিশুদের ওপর এর সামাজিক প্রভাবের বিষয়গুলো তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ জানিয়েছেন এমিনে এরদোগান। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে। মাতৃস্বাস্থ্যের উন্নয়নও এ সহযোগিতার অন্যতম লক্ষ্য।পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের নানা প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশের মানুষের সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেছেন তুরস্কের ফার্স্ট লেডি।এ ছাড়া বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ও উদ্যোগে সহযোগিতার বিষয়েও আগ্রহ দেখিয়েছেন তিনি। বাংলাদেশের পাটজাত পণ্যকে প্লাস্টিকের বিকল্প হিসেবে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পেয়েছে। বিশেষ করে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্যের ব্যবহার এবং তুরস্কসহ বিভিন্ন দেশে এসব পণ্যের বাজার সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এমিনে এরদোগান।বৈঠকে ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির বিষয়েও তুরস্কের ফার্স্ট লেডিকে অবহিত করেন তিনি।এসব উদ্যোগের প্রশংসা করে এমিনে এরদোগান বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে।বৈঠকে রোহিঙ্গা সংকটও আলোচনায় আসে। শামা ওবায়েদ জানান, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় এমিনে এরদোগান বাংলাদেশ সফর করেছিলেন এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন।দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে তুরস্ক। বৈঠকে সংকটের টেকসই সমাধান হিসেবে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়। তবে প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করা এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন এমিনে এরদোগান।এদিকে বৈঠকে ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ২০১৭ সালের সফরের স্মৃতিচারণ করে এমিনে এরদোগানও আবার বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

জলবায়ুতে ক্ষতিগ্রস্ত নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক