বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে ইন্দোনেশিয়াকে আহ্বান
বাংলাদেশি পণ্য ও সেবার আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও গভীর ও বহুমুখী করতে ব্যাপক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির দিকে এগিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্তিওয়াতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।সাক্ষাতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি খাত, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, কনস্যুলার বিষয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি পণ্য ও সেবার আমদানি বাড়লে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য আরও শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ হবে। একই সঙ্গে বাণিজ্য সম্পর্ককে ব্যাপক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির পর্যায়ে নিতে বাংলাদেশের আগ্রহের কথাও জানান তিনি।এ সময় বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান হুমায়ুন কবির। পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।জবাবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে দেশটিতে রপ্তানি বহুমুখীকরণে সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ করে ওষুধসহ বিভিন্ন বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর বিষয়ে সমর্থনের কথা জানান তিনি।দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা জোরদারের বিষয়েও একমত হন উভয় পক্ষ। পাশাপাশি আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে বাংলাদেশের আগ্রহের বিষয়েও আলোচনা হয়।সাক্ষাতে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা।