দেশের নৌ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে: নৌমন্ত্রী
দেশের নৌ ও শিপিং খাতের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে মেরিটাইম খাতে দক্ষ জনশক্তি তৈরি ও বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের জলদিয়ায় বাংলাদেশ মেরিন একাডেমিতে ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে-২০২৬’ ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ মেরিন একাডেমি, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) এবং বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বিএমএএএ) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।নৌপরিবহন মন্ত্রী বলেন, দেশের নৌ খাতের জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো রয়েছে। এসব প্রতিষ্ঠান ও সক্ষমতাকে সমন্বিতভাবে কাজে লাগাতে পারলে মেরিটাইম খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।সমুদ্রভিত্তিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিশ্বের অনেক দেশ এ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। বাংলাদেশেরও এ ক্ষেত্রে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এজন্য বিদ্যমান সীমাবদ্ধতা ও অসঙ্গতিগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।শেখ রবিউল আলম বলেন, বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের বড় অংশ সমুদ্রপথের ওপর নির্ভরশীল। তবে এ বিশাল খাতে সরাসরি যুক্ত দক্ষ জনশক্তির সংখ্যা তুলনামূলক কম। ফলে বাংলাদেশের মেরিটাইম খাতে দক্ষ কর্মী তৈরি এবং নতুন বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।এ খাতের অভিজ্ঞ জনশক্তির জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরিতেও সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানান নৌপরিবহন মন্ত্রী।চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি), নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনালসহ বিভিন্ন প্রকল্পে দেশি-বিদেশি বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি মোংলা বন্দর ও বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলেও বিনিয়োগ সম্প্রসারিত হচ্ছে।নৌমন্ত্রী বলেন, অবকাঠামো ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সেবার মান এবং সংশ্লিষ্ট জনবলের দক্ষতাও উন্নত করতে হবে। তাহলেই এসব বিনিয়োগের সর্বোচ্চ সুফল পাওয়া সম্ভব হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া এবং বিএমএমওএর সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী।মূল প্রবন্ধ উপস্থাপন করেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারি। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবি এম শামীম।
দিনব্যাপী আয়োজনের প্রথম পর্বে গার্ড অব অনার, প্যারেড পরিদর্শন, র্যালি, বেলুন ওড়ানো ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সামরিক-বেসামরিক কর্মকর্তা, মেরিটাইম খাতের প্রতিনিধি, প্রশিক্ষক, ক্যাডেটসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন।