ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পর্যটন সাংবাদিকতায় সেরার পুরস্কার জিতলেন নাঈম আবির

দেশের পর্যটন খাত নিয়ে দীর্ঘদিনের তথ্যভিত্তিক সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন এভিয়েশন ও পর্যটনবিষয়ক সাংবাদিক নাঈম আবির। পর্যটন শিল্পের সম্ভাবনা, বিদ্যমান সমস্যা, নীতিগত বিষয় এবং খাতটির উন্নয়ন নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য ‘সেরা পর্যটন সাংবাদিকতা’ বিভাগে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।দেশের পর্যটন শিল্পকে আরও টেকসই ও আধুনিকভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করার লক্ষ্যেই প্রথমবারের মতো এই পুরস্কারের আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। পর্যটন সেবার মান বাড়ানো, নতুন উদ্যোগ ও উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং পর্যটন উদ্যোক্তাদের উৎসাহিত করার মতো বিষয়গুলোতে অবদানের স্বীকৃতি দিতে এ পুরস্কার চালু করা হয়েছে।শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে নাঈম আবিরের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।নাঈম আবির দীর্ঘ সময় ধরে বাংলাদেশের পর্যটন ও বিমান চলাচল খাত নিয়ে সাংবাদিকতা করছেন। এর পাশাপাশি হোটেল-রিসোর্ট, অভিবাসন এবং ভ্রমণসংক্রান্ত বিভিন্ন বিষয়ও তার প্রতিবেদনের বিষয়বস্তু হয়ে এসেছে। তার বিভিন্ন প্রতিবেদনে দেশের পর্যটন সম্ভাবনার পাশাপাশি খাতটির অবকাঠামোগত দুর্বলতা, নীতিগত জটিলতা, পর্যটক ও যাত্রীদের ভোগান্তি এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত তুলে ধরা হয়েছে।বর্তমানে স্টার নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন নাঈম আবির। পর্যটন ও এভিয়েশন ছাড়াও তিনি আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনীতি নিয়ে সাংবাদিকতা করছেন। পাশাপাশি ভ্রমণবিষয়ক ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও কাজ করছেন তিনি।পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে নাঈম আবির বলেন, পর্যটন সাংবাদিকতার মতো একটি বিশেষায়িত ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া তার জন্য আনন্দ ও গর্বের বিষয়। এই সম্মাননা তাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল এবং তথ্যনির্ভর সাংবাদিকতা করতে উৎসাহিত করবে বলেও জানান তিনি।বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবারই প্রথম দেওয়া হচ্ছে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’। পর্যটন শিল্পের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সংগঠনকে মোট ১৩টি বিভাগে এই স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে রয়েছে পর্যটন উদ্যোক্তা, ট্যুর অপারেটর, হোটেল, বিনোদন পার্ক, তরুণ পর্যটন উদ্যোক্তা, ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর, নারী পর্যটন উদ্যোক্তা, ট্যুর গাইড, মাইস উদ্যোগ এবং সেরা পর্যটন সাংবাদিকতা। এর মাধ্যমে দেশের পর্যটন খাতের বিভিন্ন অংশে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাজকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

পর্যটন সাংবাদিকতায় সেরার পুরস্কার জিতলেন নাঈম আবির