ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচেই কঠিন বাস্তবতার মুখোমুখি হলো বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলের বড় ব্যবধানে হেরে প্রতিযোগিতা শুরু করেছেন বাংলাদেশের মেয়েরা।ওসাকার নাগাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে উত্তর কোরিয়া। প্রথমার্ধেই সাত গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় তিনবারের এশিয়ান গেমস চ্যাম্পিয়নরা।ম্যাচের পঞ্চম মিনিটে রিয়ং জংয়ের গোলে এগিয়ে যায় উত্তর কোরিয়া। ১০ মিনিটে আবারও গোল করে ব্যবধান বাড়ান তিনি। এরপর ইউ ইয়ংয়ের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।বাংলাদেশের রক্ষণভাগের ওপর চাপ অব্যাহত রেখে প্রথমার্ধেই আরও চার গোল যোগ করে উত্তর কোরিয়া। চ্যা আন ইয়ং ১৮ ও ৩৫ মিনিটে দুইবার লক্ষ্যভেদ করেন। কিম কিয়ং ইয়ং ৪০ ও ৪৩ মিনিটে দুটি গোল করলে ৭-০ ব্যবধানে বিরতিতে যায় দলটি।দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। ৫১ মিনিটে রিং সং উত্তর কোরিয়ার অষ্টম গোলটি করেন। ৬০ মিনিটে জং কুমের গোলে ব্যবধান আরও বাড়ে। ম্যাচের শেষ মুহূর্তে জিন হং গোল করে ১০-০ ব্যবধান নিশ্চিত করেন।এই পরাজয় বাংলাদেশের নারী ফুটবল দলের ইতিহাসে সবচেয়ে বড় হার। এর আগে ২০১৩ সালে ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ।ফিফা র‌্যাংকিংয়েও দুই দলের অবস্থানের ব্যবধান বড়। উত্তর কোরিয়া বর্তমানে ১১তম স্থানে থাকলেও বাংলাদেশের অবস্থান ১০৭ নম্বরে। অর্থাৎ দুই দলের মধ্যে র‌্যাংকিং ব্যবধান ৯৬ ধাপ।এশিয়ান গেমসে উত্তর কোরিয়া অন্যতম সফল দল। তিনবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে তাই শুরু থেকেই কঠিন পরীক্ষার মুখে পড়ে বাংলাদেশ।গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর।

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ