ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চাইনিজ তাইপেকে হারিয়ে পদকের আরও কাছে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। সোমবার রুদ্ধশ্বাস লড়াইয়ে চাইনিজ তাইপেকে ৪৮-৪৭ পয়েন্টে হারিয়েছে লাল-সবুজের দল।মাত্র এক পয়েন্টের এই জয়ে সেমিফাইনালের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। কাবাডিতে সেমিফাইনালে জায়গা করে নিতে পারলে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হওয়ায় বাংলাদেশের সামনে এখন পদক জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ২৪-২০ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পর ম্যাচে ফিরে ব্যবধান কমাতে থাকে চাইনিজ তাইপে। একপর্যায়ে স্কোর ৩৭-৩৭ সমতায় পৌঁছালে ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায়।শেষ দিকে দুই দলই পয়েন্টের জন্য মরিয়া হয়ে ওঠে। চাপের মুহূর্তে বাংলাদেশ ব্যবধান ধরে রাখতে সক্ষম হয় এবং শেষ পর্যন্ত ৪৮-৪৭ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে।এই জয় বাংলাদেশের জন্য বাড়তি তাৎপর্যও বহন করছে। আগের এশিয়ান গেমসে চাইনিজ তাইপের কাছে হেরে পদকের লড়াই থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। এবার একই প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল দলটি।এর আগে সোমবার দিনের প্রথম ম্যাচেও জয় পেয়েছিল বাংলাদেশ। দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা। একই দিনে দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ।গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাগতিক জাপানের বিপক্ষে। ওই ম্যাচে জয় পেলে অন্য কোনো সমীকরণের অপেক্ষা ছাড়াই সেমিফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ। সেই সঙ্গে নিশ্চিত হবে অন্তত ব্রোঞ্জ পদক।এরপর ২৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

চাইনিজ তাইপেকে হারিয়ে পদকের আরও কাছে বাংলাদেশ