তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত।আমন্ত্রণপত্র ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে বলে বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।তিনি বলেন, ভারতের পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্রিকসের পূর্ণ সদস্য নয়। তবে বিশেষ আমন্ত্রিত দেশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।[BANGVIEWS-POST:2356]প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন কি না—জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবেচনায় রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত নিজেদের জনগণের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ভূমিকা রাখবে বলে ঢাকা আশা করে।আগামী ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সম্ভাব্য ঢাকা সফর নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। সম্ভাব্য সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও এগিয়ে যাবে বলে সরকার আশা করছে।[BANGVIEWS-POST:2356]রাষ্ট্রপতিকে ঘিরে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানান শামা ওবায়েদ। কোনো অভিযোগ সত্য প্রমাণিত হলে সরকার প্রয়োজনীয় তদন্ত করবে বলে উল্লেখ করেন তিনি।বাংলাদেশি পাসপোর্টের মান কমেনি দাবি করে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে ভিসা পেতে যেসব সমস্যা হচ্ছে, সেগুলোর সমাধানে পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। অবৈধ অভিবাসন ও জাল কাগজপত্র ব্যবহারের মতো সমস্যাও সমাধানের চেষ্টা চলছে।