ডিসেম্বরে পুরোপুরি চালু হচ্ছে না শাহজালালের থার্ড টার্মিনাল
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না। তবে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করা গেলে সীমিত পরিসরে এর কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।সোমবার (২০ জুলাই) বেবিচকের কার্যালয়ে ‘সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পের জন্য নেওয়া ঋণের কিস্তি পরিশোধও শুরু হয়েছে। এ কারণে সরকার ডিসেম্বর থেকে টার্মিনালের কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করেছে।[BANGVIEWS-POST:2196]তবে টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা জাপানি কোম্পানিগুলোর কনসোর্টিয়ামের সঙ্গে এখনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি বলে জানান তিনি।মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, অপারেটর নিয়োগের চুক্তি সম্পন্নসহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করা গেলে ডিসেম্বর থেকে থার্ড টার্মিনালের সীমিত কার্যক্রম শুরু করা সম্ভব হতে পারে।
তিনি জানান, আগামী আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে অপারেটর চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ধাপে ধাপে টার্মিনালের কার্যক্রম চালুর প্রস্তুতি নেওয়া হবে।