ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভিসার শর্ত ভঙ্গের অভিযোগে দিল্লিতে ৬ বাংলাদেশি আটক

ভারতের ভিসার শর্ত লঙ্ঘন করে অনুমোদিত সময়ের বেশি অবস্থানের অভিযোগে দিল্লিতে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফের ফরেনার সেল পরিচালিত ‘অপারেশন ভিস্তা ১.০’ অভিযানের সময় তাদের শনাক্ত করা হয়। বিদেশি নাগরিকদের ভিসার অবস্থা যাচাই এবং মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারীদের খুঁজে বের করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।পুলিশ জানিয়েছে, আটক ছয়জনের কাছে ভারতের ডাবল-এন্ট্রি ভিসা ছিল। ওই ভিসায় প্রতিবার প্রবেশের পর সর্বোচ্চ ১৫ দিন অবস্থানের অনুমতি থাকলেও তারা নির্ধারিত সময় অতিক্রম করে ভারতে অবস্থান করছিলেন।দিল্লির সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিভিন্ন হোটেল ও অতিথিশালায় বিশেষ যাচাই অভিযান চালানোর সময় তাদের অবস্থানের তথ্য সামনে আসে। পরে তাদের পাসপোর্ট, ভিসা, ভ্রমণসংক্রান্ত নথি এবং হোটেলে থাকার রেকর্ড পরীক্ষা করা হয়।যাচাই শেষে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। একই সঙ্গে ছয়জনের বিরুদ্ধে ভারতে চলাচল ও অবস্থানসংক্রান্ত বিধিনিষেধের আদেশ জারি করা হয়।পরবর্তী সময়ে তাদের দিল্লির সেবা ধাম ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। বাংলাদেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন।পুলিশের প্রাথমিক যাচাইয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান পদক্ষেপটি কেবল ভিসায় অনুমোদিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগের সঙ্গে সম্পর্কিত।সূত্র: দ্য প্রিন্ট

ভিসার শর্ত ভঙ্গের অভিযোগে দিল্লিতে ৬ বাংলাদেশি আটক