ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রুশ হামলায় অল্পের জন্য রক্ষা ইউরোপের শীর্ষ কর্মকর্তাদের

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার অল্প সময় আগে একই রেলপথ দিয়ে অন্য একটি ট্রেনে যাত্রা করেছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, ব্রিটিশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল এবং ইউরোপের কয়েকজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।ইউক্রেনের ইয়াহোদিন এলাকায় চালানো হামলায় ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।বরিস জনসনসহ ইউরোপের কর্মকর্তারা কিয়েভে অনুষ্ঠিত ইয়াল্টা ইউরোপিয়ান স্ট্র্যাটেজি সম্মেলন শেষে একই রেলপথ দিয়ে ফেরার পথে ছিলেন।রাশিয়া জানিয়েছে, তারা পশ্চিম ইউক্রেনের রেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিতসিয়া বলেছে, হামলার সম্ভাব্য লক্ষ্য কূটনৈতিক যাত্রী বহনকারী ট্রেনও হতে পারে।হামলার সময় ইয়াহোদিন স্টেশনে থাকা আরেকটি ট্রেনের যাত্রী ছিলেন সাবেক সিআইএ পরিচালক ডেভিড পেট্রিয়াস। তিনি ঘটনাটিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন।ইউক্রেনীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার আশঙ্কায় ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই স্টেশন ছাড়ে। হামলার প্রায় ১৫ মিনিট আগে যাত্রীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।ইউক্রেন ও পোল্যান্ডের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রুশ ড্রোনটি পোল্যান্ড সীমান্ত থেকে প্রায় ২ কিলোমিটার দূরে আঘাত হানে।একই রুট দিয়ে ফিরছিলেন সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ট। তিনি জানান, তার ট্রেন এক পর্যায়ে থামিয়ে সম্ভাব্য সরিয়ে নেওয়ার জন্য যাত্রীদের প্রস্তুত থাকতে বলা হয়। পরে পরিস্থিতি নিরাপদ বলে নিশ্চিত হওয়ার পর ট্রেনটি আবার যাত্রা শুরু করে এবং পোল্যান্ডের দোরোহুস্ক সীমান্ত স্টেশনে পৌঁছায়।বরিস জনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই হামলার সমালোচনা করে বলেছেন, পোল্যান্ড সীমান্তের কাছে একটি স্থির ইউক্রেনীয় ট্রেন লক্ষ্য করে হামলার পেছনে কী যুক্তি ছিল, তা তিনি বুঝতে পারছেন না। তিনি ইউক্রেনকে আরও দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বানও জানান।ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা ঘটনাটিকে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর দুয়ারে রুশ হামলার বিস্তার হিসেবে উল্লেখ করে মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন।পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার সামরিক কর্মকাণ্ড ক্রমেই পোল্যান্ড সীমান্তের আরও কাছে চলে আসছে।সূত্র: বিবিসি

রুশ হামলায় অল্পের জন্য রক্ষা ইউরোপের শীর্ষ কর্মকর্তাদের