ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপ গ্রেপ্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ রিমান্ড আদেশ প্রদান করেন।এদিন দুপুর সোয়া ২টার দিকে কড়া পুলিশি পাহারায় আসামি দীপকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা নৌ-পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানান। শুনানিকালে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক চার দিনের পুলিশি রিমান্ডের আদেশ দেন।আদালতে পেশ করা তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, সাবেক সেনা কর্মকর্তা তাহসিফ সাউরি তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। গত ২৭ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ তাঁকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তাহসিফ।পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে খবর পেয়ে উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। সুরতহাল তৈরির সময় নিহতের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করা হয়।পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোপন অনুসন্ধানে পুলিশ নিশ্চিত হয় যে, ঘটনার দিন নিহত সাউরিকে নিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন আসামি দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করেছেন, নিহত সাউরি তাঁর পূর্বপরিচিত সিনিয়র ভাই ছিলেন।পুলিশের তদন্ত আবেদনে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে আসামি দীপের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ ও উদ্দেশ্য (মোটিভ) উদঘাটন, ঘটনায় জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট স্থান চিহ্নিতকরণ, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত এবং নিহতের ব্যক্তিগত মোটরসাইকেলটি উদ্ধারের জন্য আসামিকে হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।উল্লেখ্য, তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় শুক্রবার রাত ১টা ৫ মিনিটে নিহতের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই দীপকে এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।

তাহসিফ হত্যা মামলা:  বন্ধু দীপ গ্রেপ্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত