গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজার স্বজনদের পাশে সরকার
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ফিরোজা বেগমের পরিবারকে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে নিহতের পরিবারের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের উদ্দেশ্যে এই চেক তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।উপজেলার কিচক সেতুর সামনে গোপীনাথপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিআরটিএর সড়ক দুর্ঘটনা তহবিল থেকে নিহত ফিরোজার পরিবারের হাতে ৫ লাখ টাকার চেক পৌঁছে দেওয়া হয়েছে, যা তাঁদের ভবিষ্যৎ পুনর্বাসনে সহায়তা করবে।চেক হস্তান্তরকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন এবং প্রতিমন্ত্রীর ছেলে মীর শাকরুল ইসলাম সীমান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।উল্লেখ্য, এর আগে গত ৪ সেপ্টেম্বর বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি বহরের ধাক্কায় গুরুতর আহত হয়ে মারা যান ফিরোজা বেগম।