ফ্লাইট বিপর্যয়ে আটকে পড়ারা ফের সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন
যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ফ্লাইট বিপর্যয়ের কারণে নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পেরে যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, সেসব বাংলাদেশি কর্মী পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। পরবর্তীতে যাত্রার ব্যবস্থা হলে ইলেকট্রনিক সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে তাদের এন্ট্রি সম্পন্ন হবে এবং তারা প্রবেশের অনুমতি পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দুপুরে রাজধানীর নিউ ইস্কাটনস্থ বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়ামে আয়োজিত এক অংশীজন মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাসের কথা জানান।জনশক্তি রপ্তানিকারক রিক্রুটিং এজেন্সিগুলোর উদ্দেশে মন্ত্রী বলেন, সরকার ও এজেন্সিগুলো সমন্বিতভাবে কাজ করলে বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। তবে কোনোভাবেই অভিবাসন ব্যয় সাধারণ কর্মীদের নাগালের বাইরে নেওয়া যাবে না। তিনি বলেন, “যেখানে বৈধভাবে ৩ লাখ টাকায় যাওয়া সম্ভব, সেখানে কর্মীদের কাছ থেকে ৭ থেকে ৮ লাখ টাকা নেওয়া সম্পূর্ণ অনুচিত। ব্যবসা হালাল উপায়ে পরিচালনা করুন এবং কর্মীদের ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপানো থেকে বিরত থাকুন, যাতে সেই অর্থ পরিশোধ করতেই তাদের পুরো প্রবাসজীবন পার না হয়ে যায়।”বিদেশ গমন প্রক্রিয়া সহজ ও হয়রানিমুক্ত করতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) আধুনিক প্রযুক্তি সংযোজন এবং ভিসার বৈধতা দ্রুত যাচাইয়ের কাজ চলছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি অভিবাসীদের যেকোনো অভিযোগ সরাসরি গ্রহণের জন্য উন্মুক্ত ই-মেইল সেবা চালু ও তার ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক সৌদি আরবে বিভিন্ন কারণে কারাবন্দি থাকা বাংলাদেশি কর্মীদের আগামী রমজান মাসে বিশেষ রাজকীয় ক্ষমার আওতায় আনার বিষয়ে সৌদি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।গেস্ট অব অনার হিসেবে উপস্থিত বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বলেন, সৌদি আরবে নিজস্ব নাগরিকদের পরই সবচেয়ে বড় প্রবাসী সম্প্রদায় হিসেবে বাস করছেন বাংলাদেশি কর্মীরা। ভ্রাতৃপ্রতিম দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শ্রম খাতে সামনের দিনগুলোতে আরও জোরদার হবে।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকসহ রিক্রুটিং এজেন্সির শীর্ষ প্রতিনিধিরা।