ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪ হাজার টন ডিজেল

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনালে পৌঁছেছে।এটি পাইপলাইনটির ৭২তম চালান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ৪ হাজার মেট্রিক টন ডিজেলের পরিমাণ প্রায় ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার।শনিবার সকাল ৯টায় ভারত থেকে ডিজেল স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। টানা সরবরাহের পর রোববার রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর ডিপোতে পুরো চালান পৌঁছানোর প্রক্রিয়া শেষ হয়।ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আসামের নুমালীগড় রিফাইনারি থেকে সরাসরি পার্বতীপুরে ডিজেল পরিবহন করা হয়। এর ফলে উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহে সড়ক ও রেলপথের ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হয়েছে।বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হচ্ছে। ২০২৩ সালের ১৮ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে পাইপলাইনটি উদ্বোধন করেন। চুক্তি অনুযায়ী প্রথম কয়েক বছরে বছরে আড়াই লাখ মেট্রিক টন পর্যন্ত ডিজেল আমদানির সুযোগ রয়েছে। পরবর্তী সময়ে তা পর্যায়ক্রমে বাড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। পাইপলাইনটির বার্ষিক পরিবহন সক্ষমতা প্রায় ১০ লাখ মেট্রিক টন।আমদানি করা ডিজেল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীন পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে বণ্টন করা হয়।ফ্রেন্ডশিপ পাইপলাইনের বাংলাদেশ অংশের দৈর্ঘ্য প্রায় ১২৬ দশমিক ৫ কিলোমিটার। এটি পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন এলাকা অতিক্রম করে পার্বতীপুরের রিসিভিং টার্মিনালে পৌঁছেছে। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি বছরও ভারত থেকে নিয়মিত ডিজেল আমদানি করছে। ২০২৬ সালে নুমালীগড় রিফাইনারি থেকে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন লো-সালফার ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে।

ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪ হাজার টন ডিজেল