ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষার্থী আন্দোলনের মুখে ফ্রান্সে সব হাইস্কুল বন্ধ ঘোষণা প্রধানমন্ত্রীর

শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে ফ্রান্সে চলমান তীব্র আন্দোলনের মুখে দেশটির সব হাইস্কুল চলতি সপ্তাহের বাকি দিনগুলোর জন্য বন্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়া লেকর্নু। মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানী প্যারিসসহ বড় বড় শহরে লাখ লাখ শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাজপথে নেমে এলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়।শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—অনুপস্থিত শিক্ষকদের দ্রুত বিকল্প বা বদলি শিক্ষক নিয়োগ, দুপুরের বিরতির সময় বাড়ানো, ক্লাসের মোট দৈর্ঘ্যে পরিবর্তন আনা এবং জরাজীর্ণ স্কুল ভবনগুলোর সংস্কার। সরকারি হিসেবে দেশজুড়ে আড়াই লাখ মানুষ বিক্ষোভে অংশ নিলেও আন্দোলনকারী সংগঠনগুলোর দাবি প্রায় ৫ লাখ শিক্ষার্থী রাজপথে নেমেছে। প্যারিস ছাড়াও মার্সেই, নান্তেস, লিয়ো ও স্ট্রাসবার্গের মতো প্রধান শহরগুলোতে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে।সহিংসতার প্রেক্ষাপটে ক্লাস স্থগিতের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী সেবাস্তিয়া লেকর্নু বলেন, স্কুলে আগুন ধরিয়ে দিলে সমস্যার সমাধান হয় না। তবে তিনি অক্টোবরের শেষ নাগাদ শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা ও পুরোনো ক্যাম্পাস সংস্কারে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত ৬ হাজার ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে, যার বড় অংশই অপ্রাপ্তবয়স্ক। সংঘর্ষে ২১৫ জনের বেশি শিক্ষার্থী ও ৭১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।এদিকে ফ্রান্সের এই অভ্যন্তরীণ সামাজিক ও শিক্ষাকেন্দ্রিক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো প্রমাণ ছাড়াই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি দাবি করেছেন, এই আন্দোলন শিক্ষাব্যবস্থা নিয়ে নয় বরং তা গণ-অভিবাসন ও ইসলামপন্থিদের আধিপত্য বিস্তারের ফল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন মার্কিন নির্বাচনের আগে দক্ষিণপন্থি ভোটারদের প্রভাবিত করতেই ট্রাম্প এমন ইসলামবিদ্বেষী বক্তব্য দিয়েছেন।সূত্র: আল-জাজিরা

শিক্ষার্থী আন্দোলনের মুখে ফ্রান্সে সব হাইস্কুল বন্ধ ঘোষণা প্রধানমন্ত্রীর