বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা, পাবেন যেভাবে
সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যের পরিচয় যাচাই ব্যাজ চালু করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ‘Facebook Verified’ নামের নতুন ব্যাজটির উদ্দেশ্য হলো—একটি প্রোফাইলের পেছনে বাস্তব ব্যক্তি রয়েছেন, সেটি অন্য ব্যবহারকারীদের জানানো।তবে এটি পরিচিত নীল টিক বা অর্থের বিনিময়ে পাওয়া ‘Meta Verified’ সেবা নয়। নতুন ব্যাজটির নকশাও প্রচলিত নীল টিক থেকে আলাদা হবে।মেটার আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, যাচাইয়ের জন্য ব্যবহারকারীকে একটি ছোট ভিডিও সেলফি ধারণ করতে হবে। ভিডিওটি প্রোফাইলে থাকা ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে। সাধারণত কয়েক মিনিটের মধ্যে প্রক্রিয়াটি শেষ হওয়ার কথা।ব্যাজ পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে এবং প্রতারণা, ভুয়া পরিচয় বা বিভ্রান্তিকর কার্যকলাপের প্রমাণ থাকা যাবে না।প্রাথমিকভাবে সাধারণ ব্যক্তিগত প্রোফাইলের জন্য সুবিধাটি চালু করা হচ্ছে। ফেসবুক পেজ কিংবা প্রফেশনাল মোড বা ‘ProMode’ চালু থাকা অ্যাকাউন্ট এ সুবিধার আওতায় আসবে না।পরিচয় যাচাই সফল হলে ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইলের পাশাপাশি মার্কেটপ্লেস, ডেটিং ও গ্রুপে দেখা যাবে। পরবর্তী সময়ে নিউজ ফিডের পোস্টেও ব্যাজটি দেখানোর পরিকল্পনা রয়েছে মেটার।নতুন ‘Facebook Verified’ এবং সাবস্ক্রিপশনভিত্তিক ‘Meta Verified’ দুটি ভিন্ন সেবা। বিনামূল্যের ব্যাজটি শুধু প্রোফাইলের পেছনে বাস্তব ব্যক্তি থাকার সংকেত দেবে। এতে বিশেষ গ্রাহক সহায়তা, পরিচয় নকলের বিরুদ্ধে বাড়তি সুরক্ষা কিংবা প্রিমিয়াম সুবিধা পাওয়া যাবে না।অন্যদিকে Meta Verified-এর জন্য মাসিক অর্থ পরিশোধ করতে হয়। এতে প্রচলিত নীল ব্যাজের পাশাপাশি গ্রাহক সহায়তা ও অ্যাকাউন্ট সুরক্ষাসহ অতিরিক্ত সুবিধা দেওয়া হয়।মেটা জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিশ্বাসযোগ্য ভুয়া ছবি, প্রোফাইল ও বার্তা তৈরি সহজ হয়ে যাওয়ায় নতুন যাচাইব্যবস্থাটি চালু করা হচ্ছে। বিশেষ করে মার্কেটপ্লেসে কেনাবেচা, ডেটিং এবং গ্রুপে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারকারী বাস্তব ব্যক্তি কি না, সে বিষয়ে একটি দৃশ্যমান সংকেত দেবে ব্যাজটি।তবে এই ব্যাজ কোনো ব্যবহারকারীর সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেবে না। মেটাও সংশ্লিষ্ট ব্যক্তিকে সমর্থন করছে—এমনটি বোঝাবে না। অনলাইনে লেনদেন ও ব্যক্তিগত তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে।নির্বাচিত কয়েকটি বাজারে ধাপে ধাপে সুবিধাটি চালু হবে। বাংলাদেশ প্রাথমিক তালিকায় আছে কি না, সে বিষয়ে মেটা এখনো কোনো ঘোষণা দেয়নি।সূত্র: এনগ্যাজেট