তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার
রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল সর্বোচ্চ তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ঝিলমিল প্রকল্প এলাকায় ১০ একর জমিতে অস্থায়ী ডিপো তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।শনিবার (৩ অক্টোবর) ঢাকার মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।ডিএমপি কমিশনার বলেন, “সেখানে অলরেডি সরকার আমাদের অনুমতি দিয়েছে, আমরা সেখানে ডিপোর কাজ শুরু করেছি।”তিনি জানান, রাজউকের মাধ্যমে চুনকুটিয়ায় আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে স্থায়ীভাবে টার্মিনাল ও ডিপো নির্মাণ করা হবে।দক্ষিণবঙ্গগামী ১৯ জেলার বাসসহ অন্যান্য পরিবহন, ট্রাক এবং বাদামতলী আড়তের ট্রাকও পর্যায়ক্রমে সেখানে স্থানান্তরের পরিকল্পনার কথা জানান মোসলেহ্ উদ্দিন আহমদ। তার ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলা হবে।তবে স্থায়ী টার্মিনাল ও ডিপো নির্মাণের আগেই ঝিলমিল প্রকল্পের ১০ একর জায়গা ব্যবহার করে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস অস্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে।কাজ শেষ করতে কত সময় লাগতে পারে—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “এটা আমরা সর্বোচ্চ তিন মাস সময় নিয়েছি। আশা করছি সর্বোচ্চ তিন মাসের মধ্যে সম্পন্ন হবে। সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ফুলবাড়িয়া এবং গুলিস্তানের বাস সেখানে শিফট করব।”এ সময় উপস্থিত পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস রাজধানীর যানজট ও সড়ক পরিবহন খাতের বিশৃঙ্খলা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ঢাকা মহানগরের অসহনীয় যানজট ও পরিবহন খাতের বিশৃঙ্খলায় মানুষ অতিষ্ঠ এবং এ অবস্থার পরিবর্তন প্রয়োজন।মহাখালী টার্মিনালের ব্যবস্থাপনায় যে পরিবর্তন আনা হচ্ছে, পর্যায়ক্রমে ফুলবাড়িয়া-গুলিস্তান, সায়েদাবাদ ও গাবতলীতেও একই ধরনের পরিবর্তন আসবে বলে জানান তিনি।পরিদর্শনের সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমানসহ পরিবহনমালিক ও শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।গুলিস্তান