ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১,৫০০ টাকা জরিমানা, ঘোষণা ফকির কমিটির

ময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা করলে এক হাজার ৫০০ টাকা জরিমানা করার ঘোষণা দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটির’ সভাপতি পরিচয় দেওয়া এক ব্যক্তি। শুধু জরিমানাই নয়, নির্ধারিত সময়ের পর ভিক্ষা করলে কারাদণ্ডের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না।ঘোষণায় বলা হয়, নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তাঁকে এক হাজার ৫০০ টাকা জরিমানা দিতে হবে। একই সঙ্গে নিয়ম অমান্যকারীদের কারাদণ্ড হতে পারে বলেও সতর্ক করেন ওই ব্যক্তি।ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে বাজারে ভিক্ষাবৃত্তির সময় নিয়ন্ত্রণের উদ্যোগ হিসেবে দেখছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, স্থানীয় কোনো কমিটি কীভাবে জরিমানা কিংবা কারাদণ্ডের মতো শাস্তি ঘোষণা করতে পারে।বিশেষ করে ওই কমিটির আইনগত স্বীকৃতি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং ঘোষিত শাস্তি কার্যকরের এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কমিটিটি কীভাবে গঠিত হয়েছে কিংবা এর সদস্যসংখ্যা কত, তা জানা যায়নি।বিষয়টি নিয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বক্তব্যের বাইরে ঘোষিত নিয়ম বাস্তবে কার্যকর করা হয়েছে কি না, কিংবা কাউকে জরিমানা করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১,৫০০ টাকা জরিমানা, ঘোষণা ফকির কমিটির