ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তাহসিফ প্রশিক্ষিত সাঁতারু ছিলেন, ডুবে মৃত্যু অসম্ভব: বাবা

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি একজন প্রশিক্ষিত সাঁতারু ও জিডি পাইলট ছিলেন, তাই পানিতে ডুবে তাঁর মৃত্যু হতে পারে—এমন দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তাঁর বাবা এ কে এম এনায়েতুল করিম। ঘটনার রাতে তাহসিফের কথিত পুলিশি ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার তত্ত্বকে পুরোপুরি অবাস্তব ও ভিত্তিহীন উল্লেখ করে তিনি এর নেপথ্যের প্রকৃত রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।শনিবার (৩১ অক্টোবর ২০২৬) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিহত তাহসিফের বাবা এনায়েতুল করিম বলেন, তাঁর ছেলে সামরিক বাহিনীর একজন দক্ষ ও সাহসী কর্মকর্তা ছিলেন। মিডিয়া ও সাঁতারে তাঁর বিশেষ প্রশিক্ষণ ও সনদ ছিল। একজন সাবেক জিডি পাইলটের সামনে শতাধিক পুলিশ দাঁড়ালেও তাঁর ভয় পেয়ে দৌড় দেওয়ার কথা নয়। তাই কাউকে দেখে তিনি নদীতে ঝাঁপ দিয়ে ডুবে মারা গেছেন, এই যুক্তি কোনোভাবেই বিশ্বাসযোগ্য হতে পারে না।ঘটনার দিনের বর্ণনা দিয়ে তিনি জানান, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার পর তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ নিচে এসে ডাক দিলে তাহসিফ তাঁর মাকে জানান তিনি একটু কথা বলে ফিরছেন। এরপর তিনি আর ফিরে আসেননি। রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ মেসেঞ্জারে একটি শেষ ভয়েস বার্তা পাঠিয়ে জানান যে তিনি বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন, কিন্তু কোথা থেকে আসছেন তা উল্লেখ করেননি। এরপর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায় এবং পরদিন বুধবার বিকেলে তুরাগ নদের উত্তরখানের রাজাবাড়ী ঘাট থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।তাহসিফের বাবা অভিযোগ করেন, গ্রেপ্তার হওয়া বন্ধু দীপের কথায় শুরু থেকেই চরম অসঙ্গতি দেখা গেছে। প্রথমে দীপ দাবি করেছিলেন, তাঁরা একসঙ্গে খাবার খেয়ে তাহসিফকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেছেন এবং নিজে রাত ১২টার মধ্যে বাড়ি ফিরেছেন। অথচ পরে জানা যায় দীপ রাত আড়াইটার পর বাড়ি ফেরেন এবং তাহসিফের মোটরসাইকেলটি তাঁর বাসার কাছে নয়, বরং অনেক দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয়। আবার পরবর্তীতে বলা হয়, তাঁরা নাকি রাজাবাড়ী ঘাটে পুলিশের পোশাক পরা লোক দেখে দৌড় দিয়েছিলেন এবং তাহসিফ নদীতে ঝাঁপ দেন। একেক সময় একেক বক্তব্য পুরো ঘটনাটিকে অত্যন্ত সন্দেহজনক করে তুলেছে।ছেলের অকালমৃত্যুতে পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে চলা নানা ট্রল প্রসঙ্গে এনায়েতুল করিম বলেন, তিনি পরিবারের বড় সন্তান হিসেবে পারিপার্শ্বিক শক্তি জোগাতে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন। জনসম্মুখে ভেঙে না পড়ার অর্থ এই নয় যে তাঁর কোনো শোক নেই।এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পরবর্তীতে নেত্র নিউজে কাজ করা সাবেক এই বিমান কর্মকর্তার রহস্যজনক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংস্থাটি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের দাবি জানিয়েছে। একই সঙ্গে ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন প্রকাশ, ডিজিটাল আলামত সংরক্ষণ এবং ঘটনার প্রকৃত সত্য জনসমক্ষে আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।উল্লেখ্য, তাহসিফের মরদেহ উদ্ধারের পর তাঁর বাবা বাদী হয়ে উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় দীপকে গ্রেপ্তার দেখিয়ে আজ চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

তাহসিফ প্রশিক্ষিত সাঁতারু ছিলেন, ডুবে মৃত্যু অসম্ভব: বাবা