ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মালয়েশিয়ার পেরাক রাজ্যে বাংলাদেশিসহ আটক ১০৯ প্রবাসী

মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরে পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ ১০৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৩৪ জন নারী রয়েছেন। পুরুষদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন।শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত থেকে রোববার (২৫ অক্টোবর) ভোর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিনোদনকেন্দ্র, চারটি ম্যাসাজ পার্লার এবং ইপোহের একটি পাইকারি বাজারে তল্লাশি চালানো হয়।মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (জেআইএম) উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানে পেরাক রাজ্যের অভিবাসন বিভাগের কর্মকর্তা, পুত্রজায়ায় অবস্থিত বিভাগের বিশেষ অভিযান ও গোয়েন্দা শাখা এবং পুলিশের মোট ৬৬ জন সদস্য অংশ নেন।তিনি জানান, রাত ৯টায় ‘অপ গেগার’ নামে বিনোদনকেন্দ্র ও চারটি ম্যাসাজ পার্লারে অভিযান শুরু হয়। সেখানে ৭০ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করে ৩৪ জন নারীকে আটক করা হয়।পরে রাত ১টা ৩০ মিনিটে ইপোহের পাইকারি বাজারে দ্বিতীয় অভিযান চালানো হয়। সেখানে ৭৭ জন বিদেশির পরিচয় ও নথিপত্র যাচাই করে ৭৫ জন পুরুষকে আটক করা হয়।পাইকারি বাজার থেকে আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমার, বাংলাদেশ, লাওস ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। অন্যদিকে, বিনোদনকেন্দ্র ও ম্যাসাজ পার্লার থেকে থাইল্যান্ড ও ভিয়েতনামের নাগরিকদের আটক করা হয়েছে।লোকমান এফেন্দি রামলি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসা বা অনুমোদিত অবস্থানের মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করা এবং ইস্যু করা পারমিট বা পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে।এসব অভিযোগ মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর আওতাভুক্ত।তিনি আরও জানান, অভিযান চলাকালে কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করেন। তবে অভিবাসন বিভাগের সদস্যদের তৎপরতায় তাঁদের আটক করা সম্ভব হয়। এ ঘটনায় পাঁচজন নিয়োগকর্তাকে সমন জারি করেছে অভিবাসন বিভাগ। তদন্তে সহযোগিতা করতে তাঁদের বিভাগের আইন প্রয়োগ শাখায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আটক বিদেশিদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পেরাক রাজ্যের অভিবাসন বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন লোকমান এফেন্দি।মালয়েশিয়ার অভিবাসন বিভাগের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ১১ হাজারের বেশি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় দেড় লাখ বিদেশি নাগরিকের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়।এ সময়ে ৬৬ হাজারের বেশি বিদেশিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৪১ হাজারের বেশি অভিবাসন বিভাগের সরাসরি আইন প্রয়োগকারী অভিযানে আটক হন। বাকি ২৪ হাজারের বেশি ব্যক্তিকে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আটক বা হস্তান্তর করা হয়েছে, দেশের প্রবেশপথে আটক করা হয়েছে কিংবা অন্যান্য অভিযানের আওতায় নেওয়া হয়েছে।লোকমান এফেন্দি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৪৫ হাজারের বেশি বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধে অভিবাসন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনি কার্যক্রম চলমান রয়েছে।মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের কাগজপত্র যাচাই, আটক ও প্রত্যাবাসনের এই পরিসংখ্যান দেশটিতে অভিবাসন আইন প্রয়োগে চলমান তৎপরতার চিত্র তুলে ধরছে।

মালয়েশিয়ার পেরাক রাজ্যে বাংলাদেশিসহ আটক ১০৯ প্রবাসী